Asian Games: এশিয়ান গেমসে মহিলাদের ভলিবলেও হোঁচট খেল ভারত, দল নির্বাচন নিয়ে অসন্তুষ্ট বাংলার রুকসানা আদালতে
Asian Games: এশিয়ান গেমসের ভলিবলে পুরুষদের দল চূড়ান্ত ব্যর্থ। ষষ্ঠ স্থান অধিকার করেই বিদায় নিতে হয়েছে। মহিলাদের ভলিবল দলও আজ শুরুতেই হোঁচট খেল। নিজেদের প্রথম ম্যাচে হারল উত্তর কোরিয়ার কাছে।
এরই মধ্যে ভারতের মহিলা ভলিবল দল বাছাইয়ের বিষয়কে কেন্দ্র করে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।

দল বাছাইয়ের পর্বকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এক মহিলা ভলিবল প্লেয়ার। হুগলির বাঁশবেড়িয়ার বাসিন্দা ওই ভলিবল প্লেয়ার রুকসানা খাতুন দক্ষিণ-পূর্ব রেলের কর্মী। তাঁর অভিযোগ, ভারতীয় দলের বাছাই পর্বে তিনিও অংশ নিয়েছিলেন। সেখানে যা যা যোগ্যতার মাপকাঠি তা থাকা সত্ত্বেও তাঁকে বাদ দিয়েছে ভলিবল ফেডারেশন।
বাদ পড়ার কারণ জানতে ফেডারেশনের সঙ্গে তিনি একাধিকবার যোগাযোগ করলেও কোনও উত্তর মেলেনি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ভারতীয় দল থেকে বাদ পড়ার সঠিক কারণ জানতে কলকাতা হাইকোর্টে মামলা করলেন ওই প্লেয়ার। হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

রুকসানার আইনজীবী আফরিন বেগম জানান, ২০০৭ সাল থেকে এ পর্যন্ত রাজ্য, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করেছেন তাঁর মক্কেল। পরবর্তীকালে ভলিবল ফেডারেশন অব ইন্ডিয়ার অ্যাডহক কমিটি গত ১৯ জুন একটি বিজ্ঞপ্তি জারি করে এশিয়ান গেমসের ওপেন সিলেকশন ট্রায়ালের আহ্বান জানায়।
রুকসানার আইনজীবীর দাবি, বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে উচ্চতা, দাঁড়ানো পৌঁছনো, স্পাইক জাম্প রিচ, ব্লক জাম্প রিচ এবং গেমের পরিস্থিতিতে পারফরম্যান্সের প্যারামিটারের ভিত্তিতে ট্রায়ালের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে। এই সমস্ত যোগ্যতা থাকা সত্বেও রুকসানাকে বাদ দেওয়া হয়। একইসঙ্গে কম অভিজ্ঞতাসম্পন্ন দুজন খেলোয়াড়কে নেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে মামলায়।
উত্তর কোরিয়ার কাছে আজ ভারতের মহিলা ভলিবল দল ১-৩ ব্যবধানে পরাস্ত হয়েছে। প্রথম সেট ভারত জিতেছিল। কিন্তু এরপরই ঘুরে দাঁড়িয়ে পুল এ-র ম্যাচটি জিতে নেয় উত্তর কোরিয়া। ১ ঘণ্টা ৫৩ মিনিট ধরে চলা ম্যাচটি ভারত হেরে যায় ২৫-২৩, ২২-২৫, ১৭-২৫, ১৬-২৫-এ। উত্তর কোরিয়ার হিওনজু কিম সর্বাধিক ৩০ পয়েন্ট সংগ্রহ করেন। ভারতের সূর্য নিশ্চিত করেন ১৮ পয়েন্ট। কাল ভারতের প্রতিপক্ষ বিশ্বের ৬ নম্বর দেশ চিন।












Click it and Unblock the Notifications