Asian Games 2023: রূপান্তরকামী মহিলার কাছে পদক হাতছাড়া! বিস্ফোরক অভিযোগ স্বপ্নার
পাঁচ বছর আগে জাকার্তা এশিয়ান গেমসের হেপ্টাথলন থেকে সোনা জিতেছিলেন বাংলার স্বপ্না বর্মণ। কিন্তু চলতি এশিয়ান গেমসে পদক জিততে চরম ব্যর্থ হয়েছেন জলপাইগুড়ির বঙ্গ তনয়া। কিন্তু ব্রোঞ্জ পদক হাতছাড়া হওয়ায় সমাজমাধ্যমে গর্জে উঠলেন স্বপ্না। বিস্ফোরক অভিযোগ তুললেন আরও এক ভারতীয় অ্যাথলিটের বিরুদ্ধে।
রবিবার হেপ্টাথলনে শুরুতে পিছিয়ে থাকলে ধীরে ধীরে নিজেকে তুলে এনেছিলেন স্বপ্না। তাতেও পদকের স্বপ্নপূরণ হয়নি। চতুর্থ হয়েই স্বপ্নাকে থামতে হয়েছে এশিয়ান গেমসে। এই ইভেন্ট থেকে ব্রোঞ্জ পেয়েছেন ভারতেরই নন্দিনী আগাসারা। তাঁর বিরুদ্ধেই রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন বাঙালি অ্যাথলিট। যা ভারতীয় অ্যাথলেটিক্সে জন্ম দিয়েছে বিরাট বিতর্কের।

রূপান্তরকামী অ্যাথলিটের কাছে পদক হাতছাড়া হয়েছে বলে অভিযোগ করেন স্বপ্না। যা নিয়মের পরিপন্থী। স্বপ্না বর্মণ তাঁকে পদক ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছেন। স্বপ্নার এই দাবি অস্বস্তিতে ফেলে দিয়েছে সর্বভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনকে। কিন্তু বিতর্ক শুরু হতেই টুইট বার্তাটি মুছে ফেলেন স্বপ্না।
পদক হাতছাড়া হওয়ার পর সমাজমাধ্যমে স্বপ্না লিখেছেন, 'আমি চিনে অনুষ্ঠিত ১৯তম এশিয়ান গেমসে একজন রূপান্তরকামী মহিলার জন্য এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদক পেলাম না। আমি আমার পদক ফেরত চাই। কারণ এটা আমাদের অ্যাথলেটিক্সের নিয়মের পরিপন্থী। আমাকে সাহায্য করুন এবং আমাকে সমর্থন করুন।' কিন্তু কয়েক ঘণ্টা বাদেই এই টুইট মুছে পেলেন স্বপ্না।
বাংলার মেয়ে স্বপ্না বর্মনও পদক পাননি এশিয়ান গেমসে। অল্পের জন্য ব্রোঞ্জের লড়াই থেকে ছিটকে যান। মহিলাদের হেপ্টাথলনে ব্রোঞ্জ জিতেছেন নন্দিনী আগাসারা। ৮০০ মিটার রেসে বাজিমাতের ফলে ব্রোঞ্জ পদক নিশ্চিত হয় তাঁর। ২০০ মিটার রেসেও তিনি এগিয়ে ছিলেন। ৮০০ মিটার রেসে তৃতীয় স্থান পান স্বপ্না। কিন্তু শেষ পর্যন্ত পদক জেতা হয়নি।

স্বপ্না অভিযোগ করলেও নন্দিনী সত্যিই রূপান্তরিত কি না সে বিষয়ে সরকারি ভাবে কিছু জানা যায়নি। এর আগে কেউ তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগও করেনি। এমনকি, নন্দিনীর লিঙ্গপরিচয় নিয়ে কোনও তথ্যই প্রকাশ্যে আসেনি। স্বপ্নার অভিযোগের পরে এখনও পর্যন্ত পর্যন্ত নন্দিনী বা ভারতীয় অ্যাথলেটিক্স সংস্থা কোনও মন্তব্য করেনি।
স্বপ্নার সম্ভবত এটাই শেষ গেমস ছিল। ফলে এশিয়ান গেমসের মতন 'মাল্টি স্পোর্টস' ইভেন্টে তাঁর পদক জয়ের আর আশা থাকল না বললেই চলে। চোট আঘাতের সমস্যা বিগত কয়েক বছর ধরেই স্বপ্নাকে অস্বস্তিতে রেখেছে। এরইমধ্যে বাংলাও ছেড়ে বর্তমানে মধ্যপ্রদেশে থেকে প্রতিনিধিত্ব করেন জলপাইগুড়ির বঙ্গতনয়া। এই পরিস্থিতিতে টুইট মুছলেও এশিয়ান গেমসে পদক হাতছাড়া করে নতুন বিতর্কের জন্ম দিলেন স্বপ্না।












Click it and Unblock the Notifications