Asian Games 2023: সৌরভে সুরভিত ভারতীয় স্কোয়াশ, আবারও পদক নিশ্চিত করলেন বঙ্গতনয়
বয়স একটা সংখ্যা মাত্র! এশিয়াডের মঞ্চে এই প্রবাদ বাক্যটিকে আরও একবার বাস্তবে পরিণত করলেন সৌরভ ঘোষাল। দলগত ইভেন্টে সোনা আগেই জিতেছেন। এবার ব্যক্তিগত ইভেন্টেও পদক নিশ্চিত করলেন ভারতীয় এই স্কোয়াশ তারকা। বয়সকে হেলায় হারিয়ে নতুন নজির তৈরি করলেন সৌরভ।
মঙ্গলবার স্কোয়াশের ব্যক্তিগত ইভেন্টে পুরুষদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে জাপানের রিয়ুনসুকে সুকুকে ৩-০ তে পরাজিত করার পরে নিজের জন্য আরও একটি পদক নিশ্চিত করলেন। জাপানের প্রতিপক্ষের বয়স মেরেকেটে ২১। সেখানে জীবনের ৩৭ বসন্ত পার করে এসেছেন সৌরভ। কিন্ত ১৬ বছরের ছোট প্রতিপক্ষকে ৩-০ ফলে হারিয়ে উঠে পড়লেন সেমিফাইনালে। আরও একটা পদক নিশ্চিত করলেন বাংলার সৌরভ ঘোষাল।

হাঁটুর চোটের কারণে প্রথম গেমের সময় বিরতি নিতে হয়েছিল। টিমের চিকিৎসকের কাছে পরিষেবা নিয়ে পর আবার নামলেন। অস্বস্তি হচ্ছিল সামান্য। একটু খোঁড়াচ্ছিলেনও। তাতেও চকিতে কোর্ট কভার করেছেন, প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দিলেন সৌরভ।
২০০৬ সাল থেকে ২০২৩, এশিয়াডে স্কোয়াশে পদক জয়ের ধারা অব্যাহত রেখেছেন কলকাতার বঙ্গসন্তান। বিগত ১৭ বছরে সময়ের সঙ্গে অনেক কিছুতেই বদল এসেছে। বদল হয়েছে ভারতীয় দলের বেশির ভাগ সদস্যই। কিন্তু একটি নাম কমন। সৌরভ ঘোষাল।
খেলাধুলায় সৌরভ মানেই বাঙালির কাছে আইকন। তবে গঙ্গোপাধ্যায়ের নন, এই সৌরভ ঘোষাল। ক্রিকেট মাঠের সদস্য নন, বরং কিছুটা কম জনপ্রিয় স্কোয়াশ দলের উজ্জ্বল প্রতিনিধি এই বঙ্গ প্রতিনিধি।

১৭ বছর আগে দোহা এশিয়ান প্রথমবার দেখেছিল তাঁকে। ২০০৬ সালে ব্রোঞ্জ পেয়েছিলেন বাঙালি স্কোয়াশ প্লেয়ার। ধারাবাহিক পদক প্রাপ্তি সেই শুরু। ২০১০ সালে ফের ব্রোঞ্জ এসেছিল সিঙ্গলস থেকে। ২০১৪ সালে ইঞ্চিয়নে রুপোতে থামতে হয়েছিল। ২০১৮ সালে জাকার্তাতে ব্রোঞ্জ।
শনিবার স্কোয়াশের দলগত ইভেন্টের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনা জেতে ভারত। ফাইনারলে ২-১ ফলাফলে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। পিছিয়ে থেকেও ফাইনালে দুরন্ত জয় পেল ভারতীয় দল।সোনা জয়ের ম্যাচের নায়ক ছিলেন বাংলার সৌরভ ঘোষাল।

সোনা জয়ের পর ওয়ান ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাতকারে সৌরভ জানিয়েছিলেন এবার তাঁর লক্ষ্য ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়। সেই লক্ষ্যেই এগিয়ে চলেছেন বাংলার সৌরভ, দেশকে আরও একটা গৌরব উপহার দিতে।
এশিয়ান গেমসে স্কোয়াশে আরও পদক নিশ্চিত করল ভারত। মিক্সড ডাবলসে কোরিয়ান জুটি ইয়াং ইয়েওনসু এবং লি ডংজুনের বিরুদ্ধে খেলতে নামে ভারতের আনাহাত সিং এবং অভয় সিং। আর সেই ম্যাচে চিনের জুটিকে হারাল ভারত। ২-১ ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে উঠলেন ভারতীয় এই জুটি।












Click it and Unblock the Notifications