Asian Games 2023: তিরন্দাজির ফাইনালে সোনা-রুপো লড়াইয়ে দুই ভারতীয়, জয় পেলেন সিন্ধু-প্রণয়
সোমবার এশিয়ান গেমসে মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজ জোড়া পদক জেতে ভারত। পারুল চৌধুরি, প্রীতি লাম্বা একই ইভেন্ট থেকে রুপো এবং ব্রোঞ্জ জিতে নজির সৃষ্টি করেন। ২৪ ঘণ্টার মধ্যেই ফের একই ইভেন্টে জোড়া পদক নিশ্চিত করল ভারত। তিরন্দাজিতে কম্পাউন্ডের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে উঠলেন দুই ভারতীয়। ফলে এবার রুপো, ব্রোঞ্জ নয় একধাপ এগিয়ে সোনা-রুপো নিশ্চিত হয়ে গেল।
তিরন্দাজি ইভেন্টের (কম্পাউন্ড) ফাইনালে মুখোমুখি হবেন দুই ভারতীয়। একইসঙ্গে ফাইনালে জায়গা করে নিয়েছেন ওজেশ প্রবীণ দেওতলে এবং অভিষেক বর্মা। প্রবীণ দেওতলে ১৫ তিরের খেলায় ১৫০ পয়েন্ট তুললেন। অর্থাৎ ১৫টা অ্যারো থেকেই এনেছেন পারফেক্ট টেন। এই পারফরম্যান্সের ফলে মহারাষ্ট্রের তিরন্দাজের ফাইনালের টিকিট পেতে কোনও সমস্যা হয়নি।

কোয়ার্টার ফাইনালের পর সেমিফাইনালেও অবিশ্বাস্য পারফরম্যান্স করেন প্রবীণ। দক্ষিণ কোরিয়ার জিয়ন ইয়াং দারুণ খেললেও প্রবীণ নিজেকে এমন উচ্চতায় নিয়ে যান যে প্রতিপক্ষের কোনও সুযোগই ছিল না।
প্রবীণের আগেই এই বিভাগে অভিষেক বর্মা ফাইনালে উঠেছিলেন। দক্ষিণ কোরিয়ার তিরন্দাজকে হারিয়ে ফাইনালে স্থান নিশ্চিত করেন অভিষেক। তাঁর লড়াইটা অবশ্য বেশ হাড্ডাহাড্ডি হয়। জিহুন জু'র সঙ্গে কড়া টক্করের পর ফাইনালের টিকিট পান অভিষেক। ১৫০ পয়েন্টের মধ্যে আদায় করে নেন ১৪৭।
এশিয়ান গেমসের এই ইভেন্টে মুখোমুখি নামবেন প্রবীণ ও অভিষেক। যা এক কথায় ঐতিহাসিক। সোনা, রুপো আসছেই। এই ইভেন্টের ফাইনাল ৭ অক্টোবর। এশিয়ান গেমসের তিরন্দাজিতে এমন নজির দেখা যায়নি।

এরআগে রবিবার অ্যাথলেটিক্সের একই ইভেন্ট থেকে রুপো এবং ব্রোঞ্জ পদক জিতে নেন দুই ভারতীয় মহিলা অ্যাথলিট। এই প্রথম বার এশিয়ান গেমসে মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজ ফাইনালে কোনও দেশের দুই অ্যাথলিট জোড়া পদক পেলেন। সেই অর্থে এক নতুন রেকর্ড সৃষ্টি করলেন পারুল চৌধুরি, প্রীতি লাম্বা।
৯ মিনিট ২৭.৬৩ সেকেন্ডে শেষ করেন পারুল। সোনা না পেলেও রুপো জিততে সক্ষম হলেন ভারতীয় এই মহিলা অ্যাথলিট। ভারতের আর এক অ্যাথলিট প্রীতি লাম্বা ৯ মিনিট ৪৩.৩২ সেকেন্ডে শেষ করে ব্রোঞ্জ জয় করেন।

মঙ্গলবার ভারতীয়দের এশিয়ান গেমসের সূচনা হয়েছিল ব্রোঞ্জ প্রাপ্তির মধ্য দিয়ে। অর্জুন সিং, সুনীল সিং জুটি ব্রোঞ্জ জয় করেন ১ হাজার মিটার ক্যানোয়ি ডাবলস থেকে। ব্যাডমিন্টনে জয় পেলেন পিভি সিন্ধু। চাইনিজ তাইপের ওয়েন সি হসুর বিরুদ্ধে ম্যাচে ২১-১০, ২১-১৫ ব্যবধানে জিতলেন ভারতীয় তারকা শাটলার।
প্রি-কোয়ার্টার ফাইনােলে জায়গা করে নিলেন সিন্ধু। রাউন্ড অব সিক্সটিনে পৌঁছে গেলেন আরও এক ভারতীয় তারকা এইচএস প্রণয়ও। মঙ্গোলিয়ার বি মুঙ্খাবাতকে ২১-৯, ২১-১২ ব্যবধানে হারালেন ভারতীয় শাটলার। দুই ভারতীয়ের উপরই আছে পদকের প্রত্যাশা।












Click it and Unblock the Notifications