Asian Games 2023: তিন খেলোয়াড়ের হ্যাটট্রিক, উজ়বেকিস্তানকে বড় ব্যবধানে হারল ভারতীয় হকি দল
এশিয়ান গেমসের হকির শুরুতেই চক দে ইন্ডিয়া। রবিবার প্রথম ম্যাচে উজ়বেকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে যাত্রা শুরু করল ভারতীয় হকি দল। ম্যাচের ফল ১৬-০। স্কোর লাইন দেখেই বোঝা যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নরা কতটা দাপুটে পারফরম্যান্স করেছেন এশিয়াডের প্রথম ম্যাচেই। ম্যাচের শুরু থেকে শেষ শুধু গোল আর গোল। হরমনপ্রীত ব্রিগেড গোলে গোলে গোলমাল করে দিলেন প্রতিপক্ষকে।
ভারতের মোট আট জন খেলোয়াড় গোল করেছেন। হ্যাটট্রিক করেছেন তিন জন। চারটি গোল করেন বরুণ কুমার, তিনটি করে গোল মনদীপ সিং, ললিত উপাধ্যায়। এই তিন জনেহর হ্যাটট্রিক ছাড়াও জোড়া গোল করেছেন সুখজিত সিং। একটি করে গোল করেছেন শামশের সিং, অমিত রুইদাস, সঞ্জয় এবং অভিষেক।

মনদীপ সিংহ তিনটি গোল করেন ১৮, ২৭ এবং ২৮ মিনিটে। প্রথমার্ধে মনদীপের হ্যাটট্রিকের সৌজন্যে ৭-০ ব্যবধানে এগিয়ে যায় ভারতীয় দল। এরপর দ্বিতীয়ার্ধে হল আরও ৯টি গোল। ৪০ মিনিটের মাথায় গুরজিত্ সিংহ লাল কার্ড দেখায় ৫ মিনিটের জন্য ১০ জনে খেলতে হয় ভারতকে। কিন্তু তাতেও গোলের ধারা কমেনি ভারতের।
ক্রম তালিকায় ৩ নম্বর স্থানে আছেন হরমনপ্রীতরা। সেখানে ৬৬ নম্বরে থাকা উজবেকিস্তানের বিরুদ্ধে জয় ছিল শুধু সময়ের অপেক্ষা। সেই কাঙ্ক্ষিত জয় এসেছে ভারতীয় শিবিরে। প্রথমার্ধেই ম্যাচের ভাগ্য চূড়ান্ত হয়ে যায়, এরপর শেষ দুটি কোয়ার্টারে প্রতিপক্ষের উপর আরও চেপে বসে ভারত। আরও নয়বার প্রতিপক্ষের গোলে বল পাঠান ভারতীয় খেলোয়াড়রা।
২০২১ সালে টোকিও অলিমম্পিকে ব্রোঞ্জ জিতেছিল ভারত। গত মাসেই এশিয়ান চ্যাম্পিয়্ন্স ট্রফিতে জিতেছে ভারত। ফলে এক নম্বরে থেকেই এশিয়ান গেমসে খেলতে নেমেছে ভারত। কেন এশিয় হকিতে শীর্ষে ভারতীয় দল তা এশিয়া গেমসের প্রথম ম্যাচেই প্রমাণ দিলেন মনদীপ-ললিতরা।
ভারতের সঙ্গে পুলে 'এ'-তে পাকিস্তান বাদেও আরেক পড়শি দেশ বাংলাদেশও রয়েছে। রয়েছে জাপান, সিঙ্গাপুর এবং উজবেকিস্তানও। আগামী ২৬ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ভারত। সেমিফাইনালে উঠতে ভারতকে টপ-টু ফিনিশ নিশ্চিত করতে হবে।

এই টুর্নামেন্টের মাধ্যমেই ২০২৪ প্যারিস অলিম্পিক্সে সরাসরি অংশগ্রহণের সুযোগ রয়েছে দলগুলির সামনে।এশিয়ান গেমসে ভারতীয় হকি দলের কাছে প্রত্যাশা বাড়িয়েছে সাম্প্রতিক পারফরম্যান্স। প্যারিস অলিম্পিকের টিকিট এশিয়ান গেমস থেকেই নিশ্চিত করেত চাইছেন ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং। এশিয়াডে সোনা জিতলে সরাসরি অলিম্পিকের যোগ্যতা অর্জন করবে ভারত।












Click it and Unblock the Notifications