Asian Champions Trophy: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল কখন, কোথায় দেখবেন? চিনের বিরুদ্ধে কেন ফেভারিট ভারত?
Asian Champions Trophy: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে আজ বিকেল সাড়ে তিনটে থেকে মুখোমুখি ভারত ও চিন। এই টু্নামেন্টে অপরাজেয় ভারত নামছে ফেভারিট হিসেবেই।
ভারত লিগ পর্বের খেলায় চিনকে পরাস্ত করেছিল। পারস্পরিক দ্বৈরথে এগিয়ে থাকার পরিসংখ্যানও হরমনপ্রীত সিংদের আত্মবিশ্বাসী রাখবে।

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত সব ম্যাচেই জয় পেয়েছে। চিনকে হারিয়েছিল ৩-০ গোলে। জাপানকে ৫-১ গোলে চূর্ণ করে টোকিও ও প্যারিস অলিম্পিক্সের ব্রোঞ্জজয়ীরা। মালয়েশিয়াকে ৮-১, কোরিয়াকে ৩-১, পাকিস্তানকে ২-১ গোলে হারানোর পর সেমিফাইনালে কোরিয়াকে ৪-১ গোলে পরাস্ত করেছে ভারত।
চিন চলতি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২টি ম্যাচে জিতেছে, হেরেছে তিনটি ম্যাচে। ভারতের কাছে ০-৩ গোলে হারার পর চিন ৪-২ গোলে হারিয়েছিল মালয়েশিয়াকে। কোরিয়ার কাছে ২-৩ গোলে পরাস্ত হয় চিন। পাকিস্তানের কাছে হারে ১-৫ গোলে। জাপানের বিরুদ্ধে ২-০ গোলে তারা জয় পায়। সেমিফাইনালে পাকিস্তানকে শ্যুটআউটে ২-০ গোলে হারিয়ে চিন ফাইনালে উঠেছে।
ভারত ও চিন হকিতে খুব বেশি একে অপরের বিরুদ্ধে ম্য়াচ খেলেনি। ৬টি সাক্ষাতে ভারতের জয় পাঁচটিতে, ১টিতে হেরেছে চিনের কাছে। ২০১৩ সালের পর ভারত কখনও চিনের কাছে হকিতে হারেনি। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতেই সেবার ভারতকে ২-০ গোলে হারিয়েছিল চিন। উল্লেখ্য, গতবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ৭-২ গোলে হারিয়েছিল চিনকে। ২০১৬ সালে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ভারত ৯-০ গোলে চূর্ণ করেছিল চিনকে। দুই দলের মধ্যে সেটিই সবচেয়ে বড় ব্যবধানে জয়।
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত-চিন ম্যাচ শুরু বিকেল সাড়ে তিনটে থেকে। খেলা সম্প্রচার হবে সোনি স্পোর্টস টেন ১ ও সোনি স্পোর্টস টেন ১ এইচডি চ্যানেলে। এ ছাড়াও ম্য়াচ দেখা যাবে সোনিলিভ অ্যাপ ও ওয়েবসাইটে।












Click it and Unblock the Notifications