AI In Golf Training: গল্ফ প্রশিক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা! কলকাতাতেই দেশের প্রথম এই বিশেষ বন্দোবস্ত
AI In Golf Training: বিশ্বে নানা ক্ষেত্রে এখন ক্রমবর্ধমান কৃত্রিম বুদ্ধিমত্তার রমরমা। চ্যাট জিপিটি অনেক কাজকেই সহজ করে দিয়েছে। তাতে একদিকে যেমন কর্মহীনতার আশঙ্কা রয়েছে তেমনই অনেক কঠিন কাজ হয়ে গিয়েছে সহজ।
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ এবার এসে গেল খেলার দুনিয়াতেও। কলকাতায় উঠতি গল্ফারদের প্রশিক্ষণের এই বন্দোবস্তের সম্প্রতি উদ্বোধন করলেন অলিম্পিয়ান লিয়েন্ডার পেজ।

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে নিরন্তর। এবার গল্ফ খেলার উন্নতির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ। যাঁরা নতুন গল্ফ খেলার জন্য আসছেন তাঁদের যাতে এই খেলা শিখতে সুবিধা হয় তার জন্য টলি ক্লাবে উদ্বোধন করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রাডার প্রযুক্তি সমৃদ্ধ সিএফএল ষ্টুডিও। ভারতে এই ধরনের প্রযুক্তির ব্যবহার এই প্রথম বলে দাবি করা হয়েছে।
প্রোটাচএআই এর সহযোগিতায় এই ধরণের সুবিধা আনা হয়েছে। উদ্বোধনে লিয়েন্ডার ছাড়াও হাজির ছিলেন গল্ফার ইন্দ্রজিৎ ভালোটিয়া। গল্ফার তৈরিতে প্রতিনিয়ত কাজ করেছে ভালোটিয়ার সিএফএল আকাদেমি। এখানে প্রশিক্ষণ নিয়ে দেশ-বিদেশের টুর্নামেন্টে অংশ নিয়েছেন অনেক গল্ফার। ভারতে গল্ফের দুনিয়াতেও সাফল্য পাচ্ছেন এখানকার শিক্ষার্থীরা।

সংস্থার দাবি, নতুন প্রযুক্তি গল্ফ শেখার প্রক্রিয়াকে আরও সহজ ও উন্নত করে তুলবে। সিএফএল স্টুডিও ভারতে প্রথম বায়োমেকানিক্স, ক্লাব হেড ও সুইং এবং গল্ফ বল ডেটাকে একত্রিত করে গল্ফ শটের বিশদ বিশ্লেষণ দেবে। কৃত্রিম বুদ্ধিমত্তা সফ্টওয়্যার একটি ভিডিওকে একটি সঠিক 3D চিত্রে রূপান্তর করে যা 360 ডিগ্রি ভিউ দিয়ে বিশ্লেষণ করা যেতে পারে।
একটি গলফ সুইংয়ে 64টি ভিন্ন ট্র্যাকার এবং সূচক রয়েছে যা কোচকে বিশ্লেষণ করার জন্য সঠিক পরিমাপ দেয়। 3D স্থানাঙ্ক সিস্টেম প্রতি দুই সপ্তাহে আপগ্রেড করা হয়। এই স্টুডিওটি শহরের পাশাপাশি দেশের উচ্চাকাঙ্ক্ষী জুনিয়র গল্ফারদের দেবে বিশ্বের সেরা কোচিংয়ের প্রযুক্তি। স্টুডিওটির নেতৃত্ব দেবেন উদয়জিৎ ভালোটিয়া, যিনি প্রোটাচ গল্ফ আকাদেমির নির্দেশনা পরিচালক।












Click it and Unblock the Notifications