অনুরাগের বিশেষ আহ্বান প্রতিবাদী কুস্তিগীরদের জন্য, সৌরভও দিলেন সতর্ক প্রতিক্রিয়া
ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি তথা যৌন নির্যাতনে অভিযুক্ত ব্রিজ ভূষণ শরণের গ্রেফতারির দাবি তুলে যন্তর মন্তরে ধরনা চালাচ্ছেন পুরুষ ও মহিলা নির্বিশেষে নানা বয়সের কুস্তিগীররা। তাঁদের পাশে থাকার বার্তা দিয়ে বহু রাজনৈতিক দলের প্রতিনিধি হাজির হচ্ছেন ধরনামঞ্চে।
অনেক টালবাহানার পর ব্রিজ ভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। নাবালিকা-সহ সাত কুস্তিগীর অভিযোগ করেছিলেন। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিও দিল্লি পুলিশ সুপ্রিম কোর্টে জানায়।

ব্রিজ ভূষণের বিরুদ্ধে ব্যবস্থার আর্জি জানিয়ে কুস্তিগীররা নতুন করে সুপ্রিম কোর্টে যে আবেদন জানিয়েছিলেন তা গতকাল শুনতে চাননি শীর্ষ আদালতের বিচারপতিরা। যেহেতু এফআইআর দায়ের হয়েছে, অভিযোগকারীদের নিরাপত্তা দেওয়া হয়েছে সে কারণে শীর্ষ আদালত জানিয়েছে, দরকার হলে কোনও কিছু হাইকোর্ট বা বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটটে জানাতে।
কুস্তিগীররা অবশ্য অভিযুক্তর বিরুদ্ধে এফআইআরে সন্তুষ্ট নন। তাঁরা চাইছেন গ্রেফতারি। এই আবহে আজ কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর লখনউয়ে বলেন, কুস্তিগীররা তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছিলেন। তা হয়েছে। এফআইআর দায়ের হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশও এসেছে। দিল্লি পুলিশ নিরপেক্ষ তদন্ত চালাচ্ছে।

অনুরাগ প্রতিবাদী কুস্তিগীরদের অনুরোধ করে বলেন, আমি সকলকে এটাই বলব আপনাদের দাবির সবটাই পূরণ করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া নিরপেক্ষভাবে চলতে দেওয়াই উচিত। যদিও কুস্তিগীররা আগেই দাবি করেছেন, কেন্দ্রীয় সরকারের গঠিত ওভারসাইট কমিটির তদন্ত রিপোর্ট জমা পড়েছে, সেটা জনসমক্ষে আনা হোক। এই দাবি কিন্তু পূরণ হয়নি।

কুস্তিগীররা জানিয়ে দিয়েছেন ব্রিজ ভূষণ গ্রেফতার না হওয়া প্রতিবাদের পথ থেকে তাঁরা সরবেন না। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, আমি সঠিকভাবে জানি না কী চলছে। সংবাদমাধ্যম থেকেই যা জানার জেনেছি। খেলার জগতে আমি মনে করি, কোনও বিষয় পুরোপুরি না জেনে সেই বিষয়ে মন্তব্য করা উচিত নয়। তাঁদের লড়াই লড়তে দিন।
VIDEO | "Let them fight their battle. I don't know what's happening there, I just read in the newspapers. In the sports world, I realised one thing that you don't talk about things you don't have complete knowledge of," says @SGanguly99 on wrestlers' protest. pic.twitter.com/NjsaipIkyr
— Press Trust of India (@PTI_News) May 5, 2023
সৌরভ বলেন, আশা করব কুস্তিগীরদের সমস্যার সমাধান হবে। তাঁরা অনেক পদক জিতেছেন, দেশকে গৌরবান্বিত করেছেন। এদিকে, আজও ধরনামঞ্চে গিয়েছিলেন কংগ্রেস নেতৃত্ব। আপ নেতা কুস্তিগীরদের জন্য ফোল্ডিং খাট নিয়ে যাওয়ায় বুধবার রাতে দিল্লি পুলিশ বাধা দেয়। প্রবল গণ্ডগোল ও ধাক্কাধাক্কি চলে। দিল্লি পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগও ওঠে।












Click it and Unblock the Notifications