বিশ্বনাথন আনন্দ ফের বিশ্বের প্রথম দশে, ৫২-তেও দাপট দেখাচ্ছেন নরওয়ের দাবা প্রতিযোগিতায়
বিশ্বনাথন আনন্দ ফের দৃষ্টান্ত স্থাপন করলেন। ভারত তথা বিশ্ব দাবার এই কিংবদন্তির বয়স এখন ৫২। বর্তমানে তিনি রয়েছেন দুরন্ত ছন্দে। দাপট দেখাচ্ছেন নরওয়ের দাবা প্রতিযোগিতায়। বিশ্বের ১ নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে তাঁর দেশের মাটিতেই হারানোর ঠিক ৪ দিন পর দাবাড়ুদের এলিট তালিকায় বিশ্বের প্রথম দশে চলে এলেন আনন্দ।

১৯৯১ সাল থেকে টানা ২৫ বছর বিশ্ব দাবার র্যাঙ্কিংয়ে দাপট দেখিয়েছেন আনন্দ। বেশি বয়সে সেই র্যাঙ্কিংয়ের প্রথম দশে পুনরায় ঢুকে নজির তৈরি করলেন তিনি। নরওয়ের দাবা প্রতিযোগিতায় প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ভেসলিন টোপালভকে দ্বিতীয় রাউন্ডে হারিয়েছিলেন আনন্দ। শুরুটা করেছিলেন ভাশিয়ার লাগরেভকে পরাস্ত করে। এর ফলে ছয় ধাপ উঠে নবম স্থানে চলে আসেন তিনি। ২০১৯ সালের অক্টোবরে শেষবার বিশ্ব দাবার র্যাঙ্কিংয়ে প্রথম দশে এসেছিলেন আনন্দ। তারপর ফের সেই কীর্তি গড়লেন ৩২ মাস পর।
ফিডের ডিরেক্টর জেনারেল এমিল সুতোভস্কি টুইটে লেখেন, স্টাভাঞ্জারে দারুণভাবে শুরু করায় ভিশি ফের প্রথম দশে চলে এসেছেন। পঞ্চাশোর্ধ্ব হিসেবে প্রথম দাবাড়ু হিসেবে এই নজির তিনি না গড়লেও হতেই পারে তিনিই শেষ দাবাড়ু যিনি এই কীর্তি গড়লেন। তরুণ কোনও দাবাড়ু এই কীর্তি আগামী ২০ বছরে করতে পারবেন, এটা বিশ্বাস করা কঠিন। যদি কেউ পারেন তিনি কে সেই প্রশ্নও রেখেছেন সুতোভস্কি।
লাইভ চেস রেটিংয়ে বিশ্বের প্রথম ৩০-এ থাকা আনন্দের বয়সই সবচেয়ে বেশি। টোপালভের বয়স ৪৭। নরওয়ের দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডেও দারুণ জয় ছিনিয়ে নিয়েছেন আনন্দ। চিনের ওয়াং হাওয়ের বিরুদ্ধে। পয়েন্ট তালিকায় আপাতত শীর্ষেই রয়েছেন আনন্দ। রেগুলার ক্ল্যাসিক্যাল ম্যাচ ৩৯ চালের পর ড্র হওয়ার পর সাডেন ডেথ গেমে জয় পান আনন্দ। আর্মাগেডনে (Armageddon) ৪৪ চালেই চিনের প্রতিপক্ষকে কিস্তিমাত করেছেন আনন্দ। এতে আনন্দের পয়েন্ট দাঁড়াল ৭.৫। পয়েন্ট তালিকায় তাঁর পরেই রয়েছেন ওয়েসলিসো ও ম্যাগনাস কার্লসেন।












Click it and Unblock the Notifications