West Bengal Panchayat Election 2023: মঞ্চ ভেঙে পড়লেন কুণাল! নতুন করে চোট পায়ে
West Bengal Panchayat Election 2023: সভা চলাকালীন মঞ্চ ভেঙে পড়লেন কুণাল ঘোষ (Kunal Ghosh)! আর তাতে ফের একবার পায়ে চোট পেলেন তিনি। ঘটনাটি ঘটেছে ভগবানপুরের বিভীষণপুর এলাকার শঙ্করপুর স্কুল পারসস্থ ময়দানে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।
গত কয়েকদিন আগেই ফুটবল খেলতে গিয়ে পা ভাঙে কুণাল ঘোষের। প্লাস্টার করতে হয়। প্রায় এক মাস হাঁটা বন্ধ হয়ে যায় তৃণমূল মুখপাত্রের। যদিও কিছুটা সুস্থ হতেই ফের রাজনীতির ময়দানে কুণাল ঘোষ।

সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে প্রচার সারছেন কুণাল ঘোষ। তেমনই শুক্রবার ভগবানপুর অঞ্চলে তৃণমূলের তরফে একটি সভার আয়োজন করা হয়। আর সেখানেই যোগ দেন কুণাল। আর তিনি আসতেই ছোট মঞ্চে একাধিক নেতৃত্ব উঠে পড়ে বলে।
আর সেই সময় মঞ্চ ভেঙে যায় বলে জানা যায়। মুহূর্তে সবাইকে নিয়েই মাটিতে পড়ে যান তৃণমূল নেতা। যদিও অন্যান্য তৃণমূল নেতারা সঙ্গে সঙ্গে কুণালকে সামলে নেন। তবে নতুন করে তাঁর পায়ে চোট লেগেছে বলে খবর। আর সেই চোট নিয়ে মাটিতে দাঁড়িয়ে বক্তব্য রাখেন কুণাল। কিন্তু কীভাবে ভাঙল মঞ্চ?
গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছিল ভগবানপুর এবং আশেপাশের অঞ্চলগুলিতে। সম্পূর্ণ ভিজে ছিল মাটি। ওই ভেজা মাটিতেই ছোট করে মঞ্চ তৈরি করা হয়। ঘটনার সময় মঞ্চে বক্তব্য রাখছিলেন স্থানীয় তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি। একে ভেজা মাটি আর ছোট মঞ্চে একসঙ্গে এতগুলি মানুষ!

ভার না রাখতে পেরেই মঞ্চ ভেঙে যায় বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয়। তবে আজ শনিবার কুণাল ঘোষের বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। সেগুলিতে নির্দিষ্ট সময়েই যোগ দেবেন তিনি।
বলে রাখা প্রয়োজন, শুভেন্দু অধিকারীর খাসতালুক পূর্ব মেদিনীপুরে কুণাল ঘোষকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। আর এরপর থেকে বেশির ভাগ সময়ে পূর্ব মেদিনীপুরেই রয়েছেন তিনি। মূলত দলের কাজকর্ম থেকে প্রচার সবটাই কুণাল ঘোষই দেখছেন।












Click it and Unblock the Notifications