Suvendu Adhikari: যুব নেতাকে গ্রেফতারিতে উত্তেজনা! পুলিশের বিরুদ্ধে অপহরণের মামলা দায়েরের হুঁশিয়ারি শুভেন্দুর
Suvendu Adhikari: বিজেপির এক যুব নেতাকে মিথ্যে অভিযোগে গ্রেফতার করা হয়েছে এই অভিযোগ তুলে শনিবার রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ মারিশদা থানায় গিয়ে পুলিশের সঙ্গে বিতন্ডায় জড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশকে তাঁর হুঁশিয়ারি, ধৃত নেতার স্ত্রীকে দিয়ে তিনি অপহরণের অভিযোগে মামলা দায়ের করবেন।
প্রয়োজনে হাইকোর্টে রিট পিটিশান করবেন তিনি। মামলাটি তিনি অনেকদূর নিয়ে যাবেন বলে পুলিশকে হুঁশিয়ারি দেন শুভেন্দু। এরপর পুলিশকে আদালতে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে থানা চত্বর ছেড়ে যান বিরোধী দলনেতা।

সূত্রের খবর, খেজুরি থেকে শনিবার বিকেল ৪টে নাগাদ বিজেপির এক যুব নেতাকে মারিশদা থানার পুলিশ সাদা পোশাকে গ্রেফতার করে। এই ঘটনার খবর পেয়ে রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ বাড়ি ফেরার পথে মারিশদা থানায় ঢুকে পড়েন শুভেন্দু অধিকারী। কর্তব্যরত ডিউটি অফিসারের কাছে এই যুব নেতার গ্রেফতারির অ্যারেস্ট মেমো দাবি করেন শুভেন্দু অধিকারী।
এই নিয়ে পুলিশের সঙ্গে রীতিমতো বিতন্ডায় জড়াতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক সহ ধৃত বিজেপি নেতার পরিজন ও একঝাঁক বিজেপি সমর্থক। শুভেন্দু আসার খবরে মারিশদা থানার বাইরে ক্রমশঃ ভিড় জমাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা।
পুলিশকে তিনি রীতিমতো ধমকের সুরে সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশ ও আইনের বিভিন্ন ধারার উল্লেখ করে বিজেপি নেতার গ্রেফতারিকে বেআইনি আখ্যা দেন বিরোধী দলনেতা। তিনি সরাসরি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে জানান, তারা সুপ্রিম কোর্টের আইন অমান্য করে ক্রিমিনাল প্রসিডিওর ভায়োলেট করেছেন। তিনি বিজেপি নেতার স্ত্রীকে দিয়ে এখনই অপহরণের অভিযোগ দায়ের করাবেন।
সেই সময়ই পিছন থেকে এক পুলিশ কর্মী কিছু বলতে গেলে তাঁকে থামিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ডোন্ট ডিকটেট মি, ডিউটি অফিসার আমাকে বলুন। সিভিল ড্রেসে গিয়ে বাড়ির লোকের সই ছাড়া তুলে আনা হয়েছে। অ্যারেস্ট করা হয়েছে ৪টের সময়। আর রাত সাড়ে দশটার সময় তিনি অ্যারেস্ট মেমো চেয়েছেন। সেটা দিতে কি সাড়ে ৬ ঘন্টা লাগে? এনিয়ে ডিউটি অফিসার আর ওসির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দেন তিনি।
শুভেন্দু অধিকারী জানান, তিনি রবিবার কাঁথি আদালতে অপহরণের মামলা দায়ের করাবেন ধৃত নেতার স্ত্রীকে দিয়ে। সোমবার হাইকোর্ট খুললে সেখানে রিট পিটিশান দাখিল করা হবে। পুলিশ অফিসারদের প্রতি তাঁর হুঁশিয়ারি, এই মামলা অনেক দূর যাবে। এরপরেই শুভেন্দু অধিকারী থানার বাইরের বেঞ্চে বেশ কিছু সময় বসে থাকেন অ্যারেস্ট মেমো'র জন্য।
তবে পুলিশের তরফে কোনও কাগজ না পেয়ে অবশেষে রাত্রি ১১টার আগেই তিনি মারিশদা থানা ছেড়ে চলে যান। যাওয়ার আগে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে যান, তারা আইপিসি সিআরপিসি মানেন না। তাদের সঙ্গে তাহলে আদালতেই দেখা হবে। যদিও গোটা ঘটনায় পুলিশের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
পরে শুভেন্দু অধিকারী জানান, বাঁশগোড়ায় সভা ছিল। তার আগে বিকেল ৪টে নাগাদ সেখানকার মণ্ডল কমিটির সম্পাদক যুব নেতা রবীন মান্নাকে গ্রেফতার করে পুলিশ। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দৃশ্যমানতা থাকতে হবে তা অমান্য করেছে। একেবারে সাদা পোশাকে তুলে নিয়ে গেছে তাঁকে। দীর্ঘ ৫ ঘন্টা তাঁর কোনও খোঁজ মেলেনি।
তিনি জানান, রাত প্রায় ১০টা নাগাদ মারিশদা থানায় থাকা কয়েকজন বিজেপির শুভানুধ্যায়ী তাঁকে ম্যাসেজ করে জানান, এই থানায় রবীন মান্নাকে রাখা হয়েছে। তিনি থানায় ঢুকতেই ডিউটি অফিসার থরথর করে কাঁপছেন বলে দাবি করেন শুভেন্দু অধিকারী । এদের বিরুদ্ধে তাঁরা অবশ্যই আদালতে যাবেন বলেও জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications