২০২৪-এর লক্ষ্যে বিজেপির লোকসভা প্রবাস যোজনা, শুভেন্দু-গড়ে কাজ শুরু স্মৃতির
২০২৪-এর লক্ষ্যে বিজেপির লোকসভা প্রবাস যোজনা, শুভেন্দু-গড়ে কাজ শুরু স্মৃতির
শুভেন্দু অধিকারীর হোমটাউন কাঁথি লোকসভা কেন্দ্রে এবার বিশেষ নজর রয়েছে বিজেপির। ২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে পঞ্চায়েত ভোটের প্রাক্কালে তাই দু'দিনের সফরে কাঁথিতে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তাঁর এই সফরকে ঘিরে একাধিক প্রশ্ন রাজনৈতিক মহলে।

বাকি ২৪ টিতে কেন খারাপ ফলাফল?
প্রসঙ্গত গত লোকসভা ভোটে রাজ্যে ৪২টির মধ্যে ১৮টি আসনে জয়যুক্ত হয়েছিল বিজেপি। ২টি থেকে বেড়ে ১৮টি লোকসভা কেন্দ্রের জয়ে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব আশ্বস্ত হয়েছিল। তবে সেইসঙ্গে প্রশ্নও তোলা হয়েছিল বাকি ২৪ টিতে কেন খারাপ ফলাফল?

শুভেন্দু অধিকারীর হোমটাউন স্মৃতি
এবার ২০২৪-এর প্রাক্কালে জয়যুক্ত হওয়া লোক লোকসভা কেন্দ্রগুলির পাশাপাশি হেরে যাওয়া লোকসভা কেন্দ্রগুলিতেও কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বিশেষ নজর দিতে বলেছিল। তা খতিয়ে দেখতেই কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানির বঙ্গ সফর। বঙ্গ সফরে এসে তিনি সবার প্রথম বেছে নেন শুভেন্দু অধিকারীর হোমটাউন কাঁথি লোকসভা কেন্দ্রকে।

বিজেপি যে সব লোকসভায় হেরে গিয়েছিল
বিজেপি সম্প্রতি নতুন পদক্ষেপ নিয়েছে ২০২৪ লোকসভা নির্বাচনের আগে। লোকসভা প্রবাস যোজনা কর্মসূচি তারা রাজ্যজুড়ে পালন কররা সিদ্ধান্ত নিয়েছে। এই কর্মসূচিতে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীরা রাজ্যের পিছিয়ে থাকা লোকসভা কেন্দ্রগুলিতে যাবেন। সেখানকার একাধিক নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করবেন, জনসংযোগ বাড়াতে রাত্রিবাস করবেন। বিজেপি হেরে যাওয়া কেন্দ্রগুলিতে মানুষদের বাড়ি বাড়ি গিয়ে মধ্যাহ্নভোজ সারবেন কেন্দ্রের মন্ত্রীরা।

কেন্দ্রীয় পরিকল্পনার অঙ্গস্বরূপ স্মৃতির সফর
কেন্দ্রের এই নতুন পদক্ষেপ বাংলার বুকে বাস্তবায়িত করতে দুদিনের পূর্ব মেদিনীপুর সফরে এসছেন কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি। এদিন দুপুর ১টা নাগাদ কাঁথিতে এসে পৌঁছলেন তিনি। প্রসঙ্গত রাজ্যের গত লোকসভা ভোটে পিছিয়ে পড়া লোকসভা কেন্দ্রগুলির মধ্যে একটি হল কাঁথি লোকসভা কেন্দ্র। কেন্দ্রীয় এই পরিকল্পনার অঙ্গ হিসেবে পূর্ব মেদিনীপুরে এসে পৌঁছেছেন স্মৃতি।

শুভেন্দু-গড়ে জনসংযোগে স্মৃতি
বিজেপির বিভিন্ন শাখা সংগঠন ও বিজেপির কর্মকর্তাদের নিয়ে দু'দিনে একাধিক বৈঠক করবেন তিনি। আগামীকাল ঘুরে দেখবেন কাঁথির বিভিন্ন এলাকা। সেখানে স্থানীয় মানুষজনের সাথে কথা বলবেন স্মৃতি। কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি মানুষের কতটা উপকারে লাগছে তা জানার চেষ্টা করবেন কেন্দ্রীয় সরকারের শিশু ও নারী কল্যাণ দফতরের মন্ত্রী স্মৃতি ইরানি।

বিজেপির ভোট ব্যাঙ্কে কি প্রভাব পড়বে
রবিবার সন্ধ্যায় স্থানীয় নাচিন্দা মন্দিরে যাবেন স্মৃতি ইরানি। তারপ সোমবার দুপুরে মধ্যাহ্নভোজ করবেন কাঁথি শহরের তপশিলি জাতি ও উপজাতি মানুষজনের বাড়িতে। কেন্দ্রের এই নতুন পদক্ষেপে পিছিয়ে পড়া কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপির ভোট ব্যাঙ্ক কতটা বাড়াতে পারবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, তা-ই দেখার।

প্রশ্ন উঠতে শুরু করেছে দলের অন্দরেই
অপরদিকে কেন্দ্রীয় মন্ত্রীদের এই নতুন কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। যেহেতু সামনে পঞ্চায়েত ভোট, সেখানে পঞ্চায়েতের প্রস্তুতি না নিয়ে কেন লোকসভাভিত্তিক জনসংযোগ বাড়ানোর কর্মসূচি নিয়েছে বিজেপি, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে দলের অন্দরেই।

গুরুত্ব কি শুধু ২০২৪-এর লোকসভায়
২০২৪-এর আগে জনসংযোগ বাড়াতে মরিয়া কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব? তবে কি পঞ্চায়েত ভোটে খুব বেশি গুরুত্ব দিতে চাইছে না বিজেপি? লক্ষ্য কি শুধুই লোকসভা এবং বিধানসভা?? লোকসভা প্রবাস যোজনা কর্মসূচিতে কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানির কাঁথি সফর ঘিরে এ ধরনের একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে।












Click it and Unblock the Notifications