Panchayat Election Results 2023: '২০ হাজারের বেশি আসন পেতই না'! তথ্য দিয়ে বোঝালেন শুভেন্দু
West Bengal Panchayat Election Results 2023: পঞ্চায়েত নির্বাচনেও সবুজ ঝড় অব্যাহত রাখল তৃণমূল! একের পর এক পঞ্চায়েত শাসকদলের (Trinamool Congress) দখলে। এমনকি বাঁকুড়া-পুরুলিয়ার মতো শক্তঘাঁটিগুলিতে কার্যত ধস নেমেছে বঙ্গ বিজেপির।
যদিও তুলনামূলক ভাবে কিছুটা হলেও ভালো ফল করেছে বাম-কংগ্রেস। যদিও এই ফল মানতে নারাজ শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, এই রায় মানুষের নয়। একই সঙ্গে এদিন সাংবাদিক বৈঠক থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন বিরোধী দলনেতা।

তিনি বলেন, সঠিক ভাবে নির্বাচন হয়নি। আর তা যদি হতো তাহলে ফল অন্য রকম হতো। শুভেন্দুর দাবি, ত্রিস্তর নির্বাচনে ৭৩ হাজার আসনের মধ্যে তৃণমূল ২০ হাজারের বেশি আসন পেত না। তবে বাকি ৫৩ হাজার আসনে যে বিজেপি জিতত তা অবশ্য তিনি বলতে চাননি।
তবে ৩০ থেকে ৩২ হাজার আসন বিজেপি জিততে পারত বলে দাবি বিরোধী দলনেতার। এমনকি কোচবিহার থেকে দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া সহ আরও বেশ কয়েকটি জেলা পরিষদ বিজেপি পেত বলেও এদিন মন্তব্য করেছেন তিনি।
তবে সন্ত্রাস নিয়ে বলতে গিয়ে নন্দীগ্রামের বিধায়ক জানিয়েছেন, মানুষ কত লোকের সঙ্গে লড়বে! গ্রাম বাংলার সাধারণ মানুষ। স্থানীয় বিধায়ক থেকে ওসি, আইসি, বিডিও রয়েছে। এমনকি শীর্ষপদে বসে থাকা আমলরাও রয়েছে। আর তাদের সঙ্গে কীভাবে মানুষ লড়বে? প্রশ্ন বিরোধী দলনেতার। আর এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমন করে তিনি বলছেন, চরম খিদে মমতার। ওনার সব চাই। সব আসন দখল করতে চাইছেন। ফলে এই নির্বাচন নিয়ে বিশ্লেষণের কোনও জায়গা নেই বলেও এদিন মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী।
অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনের এই ফল নিয়ে দিল্লির কেন্দ্রীয় নেতারা খুব একটা উদ্বেগে নেই বলেও এদিন জানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। তাঁর কথায়, অমিত শাহের সঙ্গে সারাদিনই প্রায় কথা হয়েছে। এই ফলাফল নিয়ে দিল্লির কেউ আগ্রহ নয় বলেও দাবি শুভেন্দু অধিকারীর।
তাঁর কথায়, প্রত্যেকেই জানে কোনও ভোট হয়নি। আর যে ছবি উঠে এসেছে তাতে ভারতবর্ষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সঙ্গীরা বিকৃত হচ্ছেন বলে দাবি বিধায়কের। আর এরপরেই কটাক্ষ করে তাঁর মন্তব্য, সবার সময় এক যায় না! পৃথিবীটা গোল।












Click it and Unblock the Notifications