শুভেন্দু অধিকারী কনভয়ের গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যুর অভিযোগ, অবরোধ চণ্ডীপুরে
শুভেন্দু অধিকারী কনভয়ের গাড়ির ধাক্কায় যুবক মৃত্যুর অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনার পরেই জাতীয় সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডিপুর থানার মকরাজপুর এলাকায়।
ঘটনার খবর পেয়েই বিশাল পুলিশবাহিনী সেখানে পৌঁছেছে। জানা গিয়েছে, কাঁথি ফেরার সময়ে বিরোধী দলনেতার কনভয়ে থাকা একটি গাড়ি স্থানীয় এক যুবককে ধাক্কা মারে বলে অভিযোগ স্থানীয়দের। মৃত ওই যুবকের নাম সেক ইসরাফিল বলে জানা গিয়েছে। বাড়ি চণ্ডিপুর থানার ভৈরবপুর গ্রামে।

স্থানীয় মানুষজনের দাবি, ঘটনার সময়ে সাইকেলে করে বাড়ি ফিরছিল ইসরাফিল। উল্টোদিক থেকে দ্রুত গতিতে কনভয় আসছিল। আর সেই ধাক্কায় মৃত্যু হয় বলে দাবি এলাকার মানুষের। ঘটনার পরেই উত্তেজিত জনতা জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। এই অবরোধের জেরে ব্যাপক উত্তেজনা শুরু হয়েছে।
বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে। পুলিশ সুপার অমরনাথ কে বাংলা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চন্ডীপুরে একটি দুর্ঘটনা ঘটেছে। শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ এসেছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। তবে এলাকায় উত্তেজনা রয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক।

এই ঘটনার পর দিঘাগামী জাতীয় সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। অনেকটা রাস্তা জুড়ে যানজট ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, যে গাড়িটি ধাক্কা মেরেছে সেটি কনভয়ে থাকা একটি বুলেটপ্রুফ গাড়ি। অন্যান্য গাড়ির থেকে অনেকটাই ভারী। সেটিতেই এই ঘটনা ঘটেছে। বলে রাখা প্রয়োজন, এর আগে একাধিকবার শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ি দুর্ঘটনার মধ্যে পড়েছে। তবে এই ঘটনায় তিব র চাঞ্চল্য তৈরি হয়েছে।
তবে এই বিষয়ে শুভেন্দু অধিকারীর কোনও বক্তব্য পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications