পদ্ম যেখানে ভোট সেখানে! কাঁথির সভা থেকে শুভেন্দু অধিকারীর নিশানায় 'ইমামবাবু'রা
কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে নির্বাচনী জনসভা থেকে তৃণমুলকে সম্পূর্ণ নির্মূল করার নিদান দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই জনসভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, যেভাবে অসুর নিধন হয়েছিল, ঠিক সেভাবেই তৃণমুল নির্মূল হবে।
তিনি বলেন, পদ্ম যেখানে ভোট সেখানে। চার জুন বিকেলে ভোটের ফল গণনার পর তৃণমূলের পার্টি অফিস খোলার লোক থাকবে না। তিনি আরও বলেন, গত বিধানসভা ভোটে কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপি চল্লিশ হাজার ভোটে লিড করেছে। এবারে সেটাকে দুই লক্ষে নিয়ে যেতে হবে।

- টাইট ভোট করব
বিরোধী দলনেতা বলেন, অনুপস্থিত ভোটারদের ফিরিয়ে আনতে হবে। এবারে একদম টাইট ভোট করব। ২৩ মে সন্ধে ৬ টা থেকে ইভিএম মেশিন সিল করে স্ট্রং রুমে না যাওয়া পর্যন্ত শুভেন্দু অধিকারী চৌকিদারের মতো কাজ করবে।
- সারা দেশে তৃণমুলের কোনও ভূমিকা নেই
তিনি বলেন, এই নির্বাচনে তৃণমূল মাত্র ৪৫ টা আসনে লড়ছে, সরকার গঠনে দরকার ২৭২টি আসন। ফলে এই নির্বাচনে সারা দেশে তৃণমুলের কোনও ভূমিকা নেই। ওরা কেবলমাত্র হিন্দু-মুসলিম বিভাজন করতে ব্যস্ত। তাই ভোট নষ্ট না করার আহ্বান জানান শুভেন্দু অধিকারী।
- নিশানায় ইমামরা
বিরোধী দলনেতা প্রশ্ন করেন, মোদীজির ১৭৫টা স্কিমের কোনটা শুধুমাত্র হিন্দুদের জন্য? তিনি বলেন, মুসলিমরা ইমামের কথা শোনেন। কিন্তু যখন মুসলিম বাড়ির ছেলে-মেয়েরা চাকরি পায় না, তখন তাদেরকে দেখা যায় না।
তিনি বলেন, এ রাজ্যের মুসলিমরা বিজেপি রাজ্যে গিয়ে কাজ করেন, সংসারের শ্রীবৃদ্ধি করেন। যখন বকটুইতে ৭ জন মুসলিম মহিলাকে পুড়িয়ে মারা হয়, তখন ইমামবাবুরা কি ঘুমোচ্ছিলেন? কারণ তারা মমতার সরকারের থেকে আড়াই হাজার টাকা করে ভাতা পান। কিন্তু এভাবে বিজেপিকে আটকানো যাবে না, বলেন তিনি।
কাঁথির জনসভা থেকে শুভেন্দু অধিকারীর এই বক্তব্য ওই কেন্দ্রে ভোটে মুসলিমদের কতটা প্রভাবিত করে এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications