দিঘা, শঙ্করপুরে আছড়ে পড়ছে ৩০ ফুট উচ্চতায় ঢেউ! একের পর এক গ্রামে ঢুকছে জল
দিঘা, শঙ্করপুরে আছড়ে পড়ছে ৩০ ফুট উচ্চতায় ঢেউ! একের পর এক গ্রামে ঢুকছে জল
স্থলভাগে আছড়ে পড়ল অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। মৌসম ভবন বুধবার সকাল ৯টা ১৫ মিনিটের বুলেটিনে জানিয়েছে, ওড়িশার বালেশ্বরের দক্ষিণে ইয়াস-এর স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার, সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার।। আগামী ৩ ঘণ্টা ধরে এই প্রক্রিয়া চলবে বলেই জানিয়েছে মৌসম ভবন। অন্যদিকে বাংলার উপকূলেও ভয়ঙ্কর অবস্থা। দিঘা, শঙ্করপুর এলাকাতে কয়েক ফুট উচ্চতায় ঢেউ আছড়ে পড়ছে।

দিঘায় সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস
দিঘায় সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস। গার্ডওয়াল টপকে ঢুকছে সমুদ্রের জল। ইতিমধ্যেই দিঘায় সমুদ্রের জলে ভেসে গিয়েছে একাধিক গাড়ি ও মোটরসাইকেল। সবথেকে বেশি প্রভাব পড়ার কথা পূর্ব মেদিনীপুরে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই আগে জানানো হয়েছিল হাওয়া অফিসের তরফে। সেই মতো ভয়ঙ্কর অবস্থা গোটা দিঘা জুড়ে। অনেকেই বলছেণ, দিঘাতে গার্ড ওয়াল টপকে ঢেউ আছড়ে পড়ছে এমন ছবি অনেকেই দেখেননি। ইতিমধ্যে দিঘা শহরের মধ্যে জল ঢুকতে ভয়ঙ্কর ছবি।

শঙ্করপুর-মন্দারমণিতে গ্রামের মধ্যে জল ঢুকছে
ইতিমধ্যেই দিঘা, শঙ্কর, মন্দারমণি সমুদ্রে ৩০ ফুট উচ্চতায় ঢেউ উঠছে। ইতিমধ্যেই গ্রামে জল ঢুকতে শুরু করেছে। গ্রামের পর গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা। কোমর সমান জল গ্রামগুলিতে। দিঘা, চাঁদিপুরেও হচ্ছে প্রবল জলোচ্ছ্বাস। ইতিমধ্যে শঙ্করপুর, মন্দারমণিতে ভেঙে গিয়েছে বাধ। ভেঙে গিয়েছে রাস্তাও। এই অবস্থাও হু হু করে গ্রামের মধ্যে ঢুকছে জল। গ্রামের অনেকটা ভিতরে গয়ে আছড়ে পড়ছে জল।

নামানো হয়েছে সেনা
আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঘূর্ণিঝড় মোকাবিলায় দিঘায় নামানো হল সেনা। ইতিমধ্যে সেনার ৭০ জনের দল দিঘাতে পৌঁছে গিয়েছে। ইতিমধ্যে সেখানে পৌঁছেই সেনার তরফে রেইকি করার কাজ শুরু করে দিয়েছেন সেনাবাহিনীর জওয়ানরা। রাজ্যের উপকূল এলাকার মধ্যে দিঘায় ঘুর্ণিঝড় ইয়াসের সবথেকে বেশি প্রভাব পড়ার কথা, তাই প্রস্তুতিতে কোনও ফাঁক রাখছে না প্রশাসন। যদিও এদিন সকালেই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যেখানে দরকার পড়বে সেনা নামানো হবে। আর সেই মতো প্রথম দিঘাতেই নামানো হল সেনাবাহিনী।

মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে
ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের দিঘায় মোতায়েন হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও আধা সামরিক বাহিনী। যেহেতু এদিকে, অতিরিক্ত ১০টি জাতীয় বিপর্যয় মোকবিলা টিম রাজ্যে মোতায়েন করা হয়েছে। এই নিয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৪৫টি টিম রাজ্যে মোতায়েন করা হল বলে জানিয়েছেন এনডিআরএফ -এর ডিজি। অন্যদিকে রাজ্যে ঘূর্ণিঝড় মোকাবিলায় নৌবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি, নৌবাহিনীর ২টি ডুবুরিদের টিম ও ৫টি বন্যাত্রাণের টিমও প্রয়োজনে নামানো হতে পারে।












Click it and Unblock the Notifications