অশ্লীল নাচের প্রতিবাদ করায় পুলিশের সামনেই খুন যুবক

স্থানীয় সূত্রে খবর, পটারি রোডে একটি বিয়েবাড়ি চলছিল শুক্রবার। বিকেল থেকেই শুরু হয় গাঁকগাঁকিয়ে বক্স বাজানো। সন্ধে নামতে তার সঙ্গে নাচনকোঁদন শুরু হয়ে যায়। ওই বিয়েবাড়িতে কয়েকজন পুরুষ আকণ্ঠ মদ্যপান করে মহিলাদের নিয়ে অশ্লীলভাবে নাচানাচি করছিলেন। এলাকার মানুষ তিতিবিরক্ত হয়ে উঠলেও কেউ প্রতিবাদ করতে যাননি। কিন্তু চন্দন ঘোষ নামে এক যুবক এর বিরুদ্ধে প্রতিবাদ জানান। শুরু হয় বচসা। খবর যায় পুলিশে। পুলিশ আসেও। অভিযোগ, পুলিশের সামনেই চন্দনবাবুকে দা দিয়ে কোপ মারা হয়। সহায়তার জন্য চিৎকার করলেও পুলিশ এগিয়ে আসেনি তাঁকে বাঁচাতে। প্রাণের দায়ে চন্দন ছুটতে থাকেন। পিছনে দা হাতে তাড়া করে বিয়েবাড়ির লোকজন। ছুটতে ছুটতে পড়ে যান চন্দন ঘোষ। তখন তাঁর মাথায়, পিঠে, হাতে পরপর কোপ মারা হয়। তবুও যুঝতে থাকায় একজন পকেট থেকে রিভলভার বের করে চন্দনবাবুর পেটে গুলি করে। সবার চোখের সামনে খুন করে দুর্বৃত্তরা চম্পট দেয়।
নিহতের পরিবারের অভিযোগ, পুলিশ একটু সক্রিয় হলেই প্রাণে বেঁচে যেত চন্দন। পাশাপাশি, গ্রেফতারও করা যেত হামলাকারীদের। পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে কোনও মন্তব্য করেনি এন্টালি থানা। শুধু দায়সারাভাবে জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications