কলকাতার রাজপথ ফের দখল করবে ‘হলুদ ট্যাক্সি’, তবে এবার সেই আদলে থাকবে ঐতিহ্যের ছোঁয়া!
কলকাতার ঐতিহ্যবাহী পরিবহণে নতুন মাত্রা যোগ করতে চলেছে রাজ্য সরকার। খুব শিগগিরই শহরের রাস্তায় নতুন হেরিটেজ ট্যাক্সি দেখা যাবে, যা কলকাতার ইতিহাস ও ঐতিহ্যের প্রতিফলন ঘটাবে। মঙ্গলবার পরিবহণ দফতর আনুষ্ঠানিকভাবে এই হেরিটেজ ট্যাক্সির নকশা ও অলঙ্করণের অনুমোদন দিয়েছে।
১) ভিক্টোরিয়ার ছোঁয়া থাকবে নতুন ট্যাক্সিতে -
হেরিটেজ সংরক্ষণে কাজ করা একটি সংস্থা এই ট্যাক্সির নকশা নিয়ে প্রস্তাব পাঠিয়েছিল রাজ্যকে। পরিবহণ দফতরের সচিব সেই প্রস্তাব অনুমোদন করেছেন। যা জানা যাচ্ছে, সেই নকশায় ধরা দেবে কলকাতার ঐতিহ্য। থাকবে ভিক্টোরিয়ার ছোঁয়া।

২) প্রস্তাবিত নকশার বিশেষত্ব -
হলুদ ট্যাক্সির দুই পাশে থাকবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্থাপত্যের আদলে কালো রঙের অলঙ্করণ। প্রতি মাসে অন্তত ২০টি নতুন হেরিটেজ ট্যাক্সি চালু করার পরিকল্পনা রয়েছে। 'যাত্রীসাথী' অ্যাপের মাধ্যমে এই বিশেষ ট্যাক্সির বুকিংও করা যাবে। অ্যাম্বাসাডরের বদলে মডেলে আনা হচ্ছে 'ওয়্যাগন আর'। অর্থাৎ, ট্যাক্সির যে রূপ দেখতে আমরা অভ্যস্ত, সেই রূপ খানিকটা বদলাবে। তবে থাকবে সেই পরিচিত হলুদ রঙ।
কলকাতার মানুষের কাছে হলুদ ট্যাক্সি মানেই অ্যাম্বাসাডর। একসময় এই গাড়ি তৈরি করত হিন্দুস্তান মোটর্স। তবে সেই কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে অ্যাম্বাসাডর ট্যাক্সির যুগ প্রায় শেষ।
এই নতুন উদ্যোগের ফলে অ্যাম্বাসাডরের বদলে 'ওয়্যাগন আর' মডেলকেই হেরিটেজ ট্যাক্সিতে রূপান্তরিত করা হচ্ছে। সংস্থাটি মারুতির সঙ্গে চুক্তি করেছে এবং বাতিল হয়ে যাওয়া পুরনো হলুদ ট্যাক্সির চালকদের নতুন গাড়ি চালানোর সুযোগ দেবে বলে জানা যাচ্ছে।
৩) কবে থেকে রাস্তায় দেখা যাবে?
সব কিছু পরিকল্পনামাফিক এগোলে খুব শীঘ্রই এই হেরিটেজ ট্যাক্সি কলকাতার রাস্তায় চলবে। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশেলে শহরের যানবাহনে এক নতুন মাত্রা যোগ করবে এই উদ্যোগ।
তবে এই হেরিটেজ ট্যাক্সির ভাড়া কী রকম হবে সে সংক্রান্ত কোনও তথ্য এখনও পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications