এবার কলকাতা শহরে থানাতেই আক্রান্ত মহিলা পুলিশকর্মী! তদন্ত শুরু
এবার থানার মধ্যেই আক্রান্ত মহিলা পুলিশকর্মী। শহরের দক্ষিণে হরিদেবপুর থানায় ঘটনাটি ঘটেছে।
এবার কলকাতা শহরে থানার মধ্যেই আক্রান্ত মহিলা পুলিশকর্মী। শহরের দক্ষিণে হরিদেবপুর থানায় ঘটনাটি ঘটেছে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশিও শুরু করা হয়েছে।

ঠিক একমাস আগের ঘটনা। টালিগঞ্জ থানার মধ্যেই আক্রান্ত হয়েছিলেন পুলিশকর্মীরা। পুলিশ সাদার্ন এভিনিউ থেকে পুলিশ এক মত্তকে ধরেছিল। এরপর তাঁকে পুলিশ কর্মীরা মারধর করেন বলে অভিযোগ। বাইক আরোহী ফোনে খবর দেওয়ায় চেতলা থেকে আত্মীয়, প্রতিবেশীরা থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। সেই দলে মহিলারা ছিলেন বড় সংখ্যায়। বিক্ষোভ দেখাতে দেখাতে তাঁরা থানায় ঢুকে যান বলে জানা গিয়েছে। থানার ডিউটি অফিসারের টেবিল চাপড়ানো হয়। থানা লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। দাবি অভিযুক্তকে ছেড়ে দিতে হবে। এই ঘটনায় অভিযুক্তদের বেশিদিন আটক অবস্থায় থাকতেও হয়নি। পুলিশের বিরুদ্ধে অভিযুক্তদের হামলা মামলা দেওয়ার অভিযোগ তোলা হয়েছিল সেই সময়।
হরিদেবপুরের ঘটনাটির সূত্রপাত বুধবার বাড়িওয়ালা ভাড়াটের মধ্যে গণ্ডগোলকে ঘিরে। মহিলা পুলিশকর্মী বিষয়টি মেটানোর চেষ্টা করেছিলেন থানার মধ্যেই। সেই সময় এক মহিলা তাঁকে আক্রমণ করেন বলে জানা গিয়েছে।
তবে শহরে থানার ভিতরে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটলেও, মহিলা পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনা প্রথম। হরিদেবপুরের ঘটনায় পুলিশ শেষ পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications