আলিমুদ্দিন স্ট্রিটে মহিলার রহস্য মৃত্যু, দেহ ঘিরে এলাকায় চাঞ্চল্য
কলকাতা, ১৩ অগাস্ট : আলিমুদ্দিন স্ট্রিটে এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। এদিন একেবারে সাতসকালে অজ্ঞাতপরিচয় মহিলার দেহটি উদ্ধার হয়েছে। স্থানীয়রাই দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলিমুদ্দিন স্ট্রিটের রাস্তায় মহিলার দেহটি চাদর ঢাকা অবস্থায় পড়ে ছিল। ঘটনাটি জানতে পেরেই তদন্তে নেমেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার গোয়েন্দারা। মহিলার পরিচয় জানার চেষ্টা হচ্ছে।

জানা গিয়েছে, মহিলার গলায় ফাঁস দেওয়ার চিহ্ন রয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি খুন করে কেউ দেহ ফেলে গিয়েছে, সেই বিষয়ে এখনই নিশ্চিত হয়ে কিছু বলতে নারাজ পুলিশ। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
আলিমুদ্দিন স্ট্রিটের মতো রাস্তায় মৃতদেহ উদ্ধারের ঘটনা, তাও আবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে হওয়ায় পুলিশ যথেষ্ট গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে বলে জানা গিয়েছে। এক্ষেত্রে বিভিন্ন রাস্তায় লাগানো সিসিটিভি ফুটেজকে কাজে লাগিয়ে অপরাধের কিনারা করা যেতে পারে কিনা সেই দিকটিও খতিয়ে দেখছে কলকাতা পুলিশ।












Click it and Unblock the Notifications