শহরের নাইটক্লাবে শ্লীলতাহানি, অভিযুক্তদের অন্যতম পার্ক স্ট্রিট কাণ্ডের জেলখাটা
ফের কলকাতায় শ্লীলতাহানির ঘটনা। অভিযুক্তদের অন্যতম আবার পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডে জেলে কাটানো নাসের খান।
রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বলেছে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ জানিয়েছে, কলকাতার একটি পাঁচতারা হোটেলের নাইটক্লাবে এক মহিলাকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ উঠেছে একদল পুরুষের বিরুদ্ধে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, রবিবার রাতে পাঁচতারা হোটেলের নাইটক্লাবে ওই মহিলা তাঁর স্বামী, ভাই এবং বন্ধুদের সঙ্গে ছিলেন। তখনই সেখানে গণ্ডগোল শুরু হয়। শুরু হয় মারামারি। অভিযোগ, এই ঘটনা ভোর ৪টে ১৫ মিনিট নাগাদ শুরু হয় এবং প্রায় দেড় ঘণ্টা ধরে নাইটক্লাবের ভেতরে ঝামেলা চলে।
এফআইআর-এর তথ্য অনুযায়ী, নাসের খান নামে এক ব্যবসায়ী এবং তার ভাইপো জুনাইদ খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। নাসের খান ২০১১ সালের পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলায় অভিযুক্ত, ২০২০ সালে মেলে মুক্তি।
নির্যাতিতা অভিযোগে বলেছেন, "তারা বোতল দিয়ে আমাদের আক্রমণ করে এবং আমাকে আপত্তিকরভাবে স্পর্শ করার চেষ্টা করে।" অভিযোগকারিণী আরও জানিয়েছেন, তার পরিবারের সদস্যদের ক্লাবের লিকার রুমে লুকিয়ে থাকতে বাধ্য করা হয়েছিল।
তদন্তকারীরা নিশ্চিত করেছেন যে, ওই মহিলা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে, যেখানে তাঁদের বিরুদ্ধে মারধরের অভিযোগ আনা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে নাসের খানের পাল্টা দাবি, ঘটনার সময় উপস্থিত না থাকলেও অতীত রেকর্ডের কারণে মিথ্যাভাবে ফাঁসানো হচ্ছে।
ঘটনায় নাসের জড়িত কিনা সে ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। নাইটক্লাবের সিসিটিভি ফুটেজ দেখে এবং সেদিন রাতে ক্লাবে উপস্থিত সকলের সঙ্গে কথা বলে ঘটনার কিনারা করতে চাইছে পুলিশ। দেখা হচ্ছে অভিযুক্তদের মোবাইল ফোনের টাওয়ারের লোকেশনও।












Click it and Unblock the Notifications