Kolkata Weather: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বদলাবে কি আবহাওয়া? কেমন থাকতে চলেছে কলকাতা, একনজরে পূর্বাভাস
Kolkata Weather: আপাতত কলকাতার আকাশ পরিষ্কার। আবহাওয়া শুকনো। বৃষ্টির কোনও রকমের পূর্বাভাস নেই। তবে সকালের দিকে কুয়াশা দেখা গিয়েছে। পুজোর আগে এই কুয়াশা আরও বৃদ্ধির পাশাপাশি তাপমাত্রাও কিছুটা হ্রাস পাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
রবিবার সকালে আবহাওয়া দফতর (Kolkata Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৫৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দিন চারেকে উত্তর ও দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ধীরে ধীরে ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রত্যাহারের রেখা গিয়েছে ফরবেশগঞ্জ এবং মালদহের ওপর দিয়ে। অন্যদিকে তা রয়েছে বিশাখাপত্তনম, নালগোন্ডা, রায়চুর, ভেনগারলার ওপর দিয়ে।
এদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫.১৩-তে আর মঙ্গলবার সূর্য উঠবে সকাল ৫.৩৩-তে।
পশ্চিমী ঝঞ্ঝা একটি অক্ষরেখা হিসেবে রয়েছে দেশের উত্তর পশ্চিমাংশে। আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন লাক্ষাদ্বীপের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে ১৭ অক্টোবর নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে পারে দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন পূর্ব-মধ্য আরব সাগরের ওপরে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ অসম এবং সংলগ্ন এলাকার ওপরে।












Click it and Unblock the Notifications