নবমীতে কি ভেস্তে যাবে পুজোর আনন্দ? আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা
শারদোৎসবের সবচেয়ে বড়ো দিনগুলির মধ্যে নবমীকে ঘিরে থাকে বিশেষ উন্মাদনা। তবে এ বছর সেই আনন্দে বৃষ্টি-অসুর কি বাধা হয়ে দাঁড়াবে? আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস তাই ইঙ্গিত করছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এদিন সকালে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় মেঘলা আকাশ হয়ে বেশকিছু স্থানে বৃষ্টি শুরু হয়। কোচবিহারেও বিভিন্ন এলাকাতে এদিন সকালে মেঘলা আকাশ ও বৃষ্টি শুরু হয়ে পূজোর আনন্দে কিছুটা হলেও ভাটা পড়তে দেখা যায়।

আলিপুর আবহাওয়া দপ্তরের এদিনের রিপোর্ট অনুযায়ী, নবমী ও দশমী দুদিনেই শহর কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ষষ্ঠী ও সপ্তমীতে বৃষ্টি না হলেও, অষ্টমীতে দুপুর থেকে রাত পর্যন্ত শহরে একাধিকবার ঝড়বৃষ্টির দেখা মিলেছেল। ফলে নবমীতেও বৃষ্টির সম্ভাবনা নিয়ে উৎকণ্ঠা বাড়ছে ভক্তদের।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়া অস্থির থাকবে। সেই কারণেই নবমী ও দশমীতে বৃষ্টির দাপট বেড়ে যেতে পারে।
অতএব, নবমীতে মণ্ডপে মণ্ডপে ভিড় জমাতে যাওয়া দর্শনার্থীদের ছাতা বা রেইনকোট সঙ্গে রাখারই পরামর্শ দিচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। হঠাৎ প্রবল বর্ষণে ঠাকুর দেখা ভেস্তে যাওয়ার আশঙ্কা থাকলেও, উৎসবের আনন্দে ভাটা পড়বে না-এমনটাই আশা কলকাতাবাসীর।












Click it and Unblock the Notifications