কেন বারবার হ্যাক হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট! প্রশ্ন নানা মহলে
ফের বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এদিন সকালেই খবর রটে যায় যে ঐতিহ্যশালী এই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে।
সকালে জানা যায়, যাদবপুরের নিজস্ব ওয়েবসাইটের উপরের দিকে সারিবদ্ধ নেভিগেশন বারে মধ্যে অ্যাডমিশন লেখা বারটির মধ্যে থাকা 'রুলস অ্যান্ড রেগুলেশন'-এ ক্লিক করলেই সরাসরি চলে যাওয়া যাচ্ছে পর্নোগ্রাফি সাইটে। শুধু তাই নয়, অভিযোগ ওঠে, ওয়েবসাইটটির ভিতরেই নানা জায়গায় লুকিয়ে রয়েছে আরও অনেকগুলি পর্ন সাইটের লিঙ্ক।

এদিন ঘটনাটি প্রচার পেতেই যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করে, হ্যাক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি।
আর এখানেই উঠেছে আর একটা প্রশ্ন। বারবার কেন বেছে নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় বা তাঁর সঙ্গে জড়িত মানুষদের ওয়েবসাইট হ্যাক করা হচ্ছে। কারণ এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় ছাত্র-ছাত্রীদের প্রতিবাদ পর্বে বিধ্বস্ত তৎকালীন বিশ্ববিদ্যালয় উপাচার্য অভিজিৎ চক্রবর্তীও তাঁর অ্যাকাউন্ট হ্যাক করার কথা শুনিয়েছিলেন।
গত ডিসেম্বরে শ্লীলতাহানির ঘটনার তদন্ত ও উপাচার্যের পদত্যাগের দাবিতে ছাত্রছাত্রীদের আন্দোলন চলাকালীন হঠাৎই একদিন সকালে বিশ্ববিদ্যালয়ের সাইটটিতে দেখা যায় অভিজিৎ চক্রবর্তীর পেজে লেখা রয়েছে 'আই অ্যাম সরি।' পরে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়, এই বয়ান অভিজিৎ চক্রবর্তীর নয়, হ্যাক হয়েছে সাইটটি।
এদিনের ঘটনার পর তাই প্রশ্ন উঠতে বাধ্য কেন বারবার যাদবপুরের ওয়েবসাইটই হ্যাক করার জন্য বেছে নেওয়া হচ্ছে? এর পিছনে কারা রয়েছে?
সাইটটির রক্ষণাবেক্ষণে ফাঁকফোকর থাকার ফলেই কি সমস্যা তৈরি হচ্ছে? সহজে নিয়ন্ত্রণ করা যাচ্ছে ওয়েবসাইটটি? নাকি এর পিছনে কোনও নির্দিষ্ট চক্র কাজ করছে?
একবার হ্যাক হওয়ার পরেও কেন সচেতন হননি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? কীভাবে কর্তৃপক্ষের নজর এড়িয়ে এতবড় বিষয়টি ঘটল? বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদীপ ঘোষ ঘটনাটির কথা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। তবে ফের হ্যাক করে নেওয়া হবে না তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।












Click it and Unblock the Notifications