পেঁয়াজ সহ অন্যান্য সবজির দাম কেন এত বেশি? বাজারে নামল টাস্ক ফোর্স
কলকাতা ও আশপাশের এলাকাগুলোতে আগুন দাম সবজির। পুজোর মাসে এমনিতেই বাঙালি মধ্যবিত্তদের খরচ নিয়ে ভাবতে হয়। তার উপর এই বিপুল দাম বেড়ে যাওয়া সবজির বাজার। আর পেঁয়াজ সম্পর্কে যত কম কথা বলা যায়, ততই ভালো৷ এবার সবজির দাম নিয়ন্ত্রণে বাজার পরিদর্শনে নামল টাস্ক ফোর্স।
কেন এত দাম নেওয়া হচ্ছে সবজির? পেঁয়াজের কেজি ৮০ টাকা ছুঁয়ে ফেলেছে খোলা বাজারে? কেন দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই প্রশ্ন বারবার উঠছে। বৃহস্পতিবার কলকাতার বাজার পরিদর্শনে নামলেন টাস্ক ফোর্সের সদস্যরা। কলকাতার বেশ কিছু বাজারে পৌঁছে গেলেন তারা।

লক্ষ্মীবারের দিন কলকাতার বাগুইআঁটি বাজার, নাগেরবাজার সহ একাধিক এলাকার বাজারে এই ঢুঁ মারা হয়েছে। টাস্ক ফোর্সর কর্তা, কর্মীরা বাজারে চলে আসেন। তাদের সঙ্গে ছিলেন পুলিশ কর্মীরাও। কেন পেঁয়াজের দাম বেশি? সেই প্রশ্ন ব্যবসায়ীদের কাছে করেন তারা। সাধারণ বাজারে পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা কেজি দর চলছে।
পেঁয়াজের এই দামের ঝাঁঝে চোখে জল মধ্যবিত্তের। বেশ কয়েক সপ্তাহ ধরেই এই বিশাল দাম চলছে বাজারে। শুধুই কি পেঁয়াজের দাম বেশি? আলু, আদা, রসুন সব কিছুর দাম অনেকটাই বেশি। পুজোর আগে বৃষ্টির সময় দাম বেড়েছিল সবজি ও আনাজপাতির। কিন্তু বৃষ্টির পরিস্থিতি আর নেই। যোগাযোগ ব্যবস্থাও স্বাভাবিক হয়ে গিয়েছে। তাহলে কেন এখন এত বেশি দাম নেওয়া হচ্ছে?
শীতকালীন সবজি উঠতে শুরু করেছে বাজারে। শীতকাল মানেই হরেক রকম সবজি আসে বাজারে। তার দামও নাগালের মধ্যেই ঘোরাঘুরি করে। কিন্তু এবার যে সব কিছুর দামেই যেন আগুন লেগেছে। বড়বটির কেজি ৮০ টাকা, পটোল ৬০ টাকা কেজি ( সাদা পটোলের দাম আরও বেশি), বাঁধাকপি ৪০ টাকা কেজি, ফুলকপি ৫০ টাকা কেজি।
বেগুনের দাম রয়েছে ১০০ টাকা কেজি। কুমড়োর দাম ৪০ টাকা কেজি। অন্যান্য সবজির দামও একইভাবে অনেকটাই বেশি রয়েছে। এইসময়েই কড়াইশুঁটি, বিট, গাজর, বিনস, বড়বটি, ক্যাপসিকাম সহ রকমারি সবজির ফলন হয়। আর সেই সবজির দামই এত বেশি। পাইকারি বাজারে এই মালের দাম বেশি যাচ্ছে? না কী খোলা বাজারে বেশি দামে বিকোচ্ছে? এই প্রশ্ন উঠছে।
ব্যবসায়ীদের অনেকেই বলছেন, কালীপুজোর সময়ে সবজির দাম একটু বেশিই থাকে। ভাইফোঁটার পর থেকে সবজির বাজারের দাম কমতে শুরু করে। তবে এবার দাম অন্যান্যবারের থেকে বেশি। সেই কথা মেনে নিচ্ছেন ব্যবসায়ীরাও।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবারই বলেন, বাজারের জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ রাখতে হবে। কোনওভাবেই বেশি দাম নেওয়া যাবে না। এর কয়েক মাস আগেও কলকাতার বিভিন্ন বাজারে হানা দিয়েছিল টাস্ক ফোর্সের ব্যক্তিতা। দিন কয়েক ঘোরাঘুরির পর দাম কিছুটা কমেছিল। গতবার কাঁচালঙ্কার দামে মধ্যবিত্তের চোখে জল ছিল। এবার সেই জায়গা নিয়েছে পেঁয়াজ।












Click it and Unblock the Notifications