শুভেন্দু অধিকারী কেন সাসপেন্ড, বিধানসভায় বিক্ষোভ বিজেপি বিধায়কদের
বৃহস্পতিবারও উত্তপ্ত থাকল রাজ্য বিধানসভা। বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখালেন। বিধানসভার বাইরে সিঁড়িতে বসে স্লোগান দিলেন তাঁরা৷ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেওয়া হয়।
সন্দেশখালি ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। শেখ শাহজাহানকে প্রথমে গ্রেফতারের দাবি উঠেছিল। তারপর যেন সেখানকার প্যান্ডোরার বাক্স খুলে গিয়েছে। বেরিয়ে আসছে একের পর এক নিগ্রহ, অত্যাচারের ঘটনা।

বিধানসভায় সন্দেশখালি প্রসঙ্গে আলোচনা চেয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়করা রোজ এই বিষয়ে সরব। গত দিন এই বিষয়ে আরও জোর দাবি তোলের শুভেন্দু অধিকারীরা।
এরপরেই শুভেন্দু অধিকারী সহ ছয় বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হল৷ শুভেন্দু অধিকারী এই নিয়ে মোট ছয় বার রাজ্য বিধানসভায় সাসপেন্ড হলেন। সন্দেশখালি ইস্যুতে কথা বলতে গিয়ে তিনি সাসপেন্ড হয়েছেন। তিনি গর্বিত, এমনই দাবি করেছেন শুভেন্দু অধিকারী।
আজ বৃহস্পতিবার ফের বিধানসভার কার্যক্রম শুরু হয়। শুভেন্দু অধিকারীরা বিধানসভার কক্ষের ভিতর এখন ঢুকতে পারবেন না। এদিকে অধিবেশন শুরুর থেকেই তুমুল বিক্ষোভ জুড়ে দেন বিজেপি বিধায়করা৷
অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা। তিনি বলেন, "বারবার করে বিরোধী দলনেতাকে বাইরে রাখবেন। এটা কী করে হতে পারে? এতে সভার কাজ সঠিক ভাবে চালানো সম্ভব হয় না। এটা ঠিক নয়।"
এরপর অধ্যক্ষ কিছু বলার চেষ্টা করেন। তখন বিজেপি বিধায়করা স্লোগান, সাউটিং শুরু করেন। হাতে কালো কাপড় নিয়ে স্লোগান শুরু বিজেপির। পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে দীর্ঘ দিন ধরে। এমনই দাবি বিজেপির।
স্লোগান সহযোগে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা৷ বিধানসভার বাইরে সিঁড়িতে বসে স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা৷ সাসপেন্ড শুভেন্দু অধিকারীও তাঁদের সঙ্গে যোগ দেন। তবে বেশ কয়েকটি পিছনের সিঁড়িতে তিনি বসেন।
আজই শুভেন্দু অধিকারীদের সন্দেশখালি যাওয়ার কথা আছে। তাঁর সঙ্গে বিজেপি বিধায়করাও যাবেন।












Click it and Unblock the Notifications