যোগী-রাজ্য ছেড়ে কেন বাংলায় চোখ মোদীর! মিশন ২০১৯-এ বিজেপির কৌশল নিয়ে প্রশ্ন
বঙ্গ বিজেপি এবার জানিয়ে দিল, এই একবারই নয়, বাংলা জয়ের লক্ষ্যে মোদী ১৩টি সভা করবেন। মোদী-শাহ জুটি প্রতি মাসেই আসবেন বাংলায়।
বাংলা তথা উত্তর-পূর্ব ভারতকে টার্গেট করেছে বিজেপি। সেই কারণে বাংলায় অন্তত ১৩টি সভা করবেন নরেন্দ্র মোদী। রোটেশন পদ্ধতিতে মোদী-শাহ জুটি প্রতি মাসেই আসবেন বাংলায়। এখানেই উঠেছে চিরাচরিত সেই প্রশ্নটা। কেন উত্তরপ্রদেশ-গুজরাট ছেড়ে বাংলার দিকে নজর দিয়েছেন মোদী-শাহরা?

আসলে রাজনৈতিক পরিস্থিতি আদৌ অনুকূল নয় বিজেপির। এমন কিছু রাজ্য ছিল, যেখানে প্রায় সব আসনে ২০১৪ সালে জিতেছিল বিজেপি। এবার কিন্তু তা হওয়ার নয়। তাই বিজেপি এবার টার্গেট করেছে বাংলা-সহ পূর্ব ভারতের রাজ্যগুলিকে। বিশেষ করে উত্তর-পূর্ব ভারতে পসার বৃদ্ধির পর বাংলা-ওড়িযা এবার বিজেপির নেক্সট টার্গেট।
পঞ্চায়েত ভোটে জঙ্গলমহল-সহ সীমান্তবর্তী জেলাগুলিতে সাফল্যের পর বিজেপি আশার আলো দেখতে শুরু করেছে। তাই এখন থেকেই লোকসভার জন্য ঝাঁপাচ্ছেন মোদী-শাহ জুটি। প্রতি মাসে নিয়ম করে বাংলায় আসার পরিকল্পনা নিচ্ছেন। গত মাস থেকেই তা শুরু হয়ে গিয়েছিল। এবার তা ধারাবাহিক করে তোলাই বিজেপির ভাবনায়।
বিজেপির থিঙ্কট্যাঙ্ক এবার বুঝে গিয়েছে, রাজস্থান, দিল্লি, হিমাচলে এবার সমস্ত আসন জেতা যাবে না। রাজস্থান ২৫টি, হিমাচলে চারটি, দিল্লিতে সাতটি আসনেই জিতেছিল বিজেপি। একইভাবে উত্তরপ্রদেশে ৮০টির মধ্যে ৭১টি, ছত্তিশগড়ে ১১টির মধ্যে ১০টি, মধ্যপ্রদেশে ২৯টির মধ্যে ২৭টি আসন পাওয়া এবার সম্ভব নয়। বিজেপির ধারণা, এবার এইসব রাজ্যগুলি থেকে অর্ধেক আসন তারা পেতে পারে। অর্থাৎ এই ছ'টি রাজ্য থেকে ১৫৬টির মধ্যে ৭০-৮০টি আসন বড়জোর মিলতে পারে।

তাই এই বিপুল ঘাটতি পূরণ করবে বিজেপি কোথা থেকে? সেজন্যই বাংলাকে তারা প্রথম টার্গেট করেছে। তারপর অসম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং বিহার-ওড়িশাও রয়েছে। অন্য রাজ্যগুলি অনেকটাই করায়ত্ত করতে পেরেছে বিজেপি। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাকে এখনও হাতের মুঠোয় আনতে পারেনি বিজেপি। তাই এখন থেকেই সেই অসাধ্য সাধন করতে উঠে পড়ে লেগেছেন মোদী-শাহরা। সেই আশা নিয়েই বুক বাঁধছেন বাংলার মুকুল-দিলীপরা।
সেইমতোই বঙ্গ বিজেপি পরিকল্পনা করেছে, তাঁদের দুই প্রধান মুখ নরেন্দ্র মোদী ও অমিত শাহকে দিয়ে প্রতি মাসে সভা করাতে। মোট কথা লোকসভা নির্বাচনের আগে বাংলাকে ঘর-ঘাট করে তুলতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। কর্মসূচি প্রায় পাকা করে ফেলেছে বিজেপির বঙ্গ-ব্রিগেড।












Click it and Unblock the Notifications