মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কেন পরীক্ষার্থীরা পেল না? ক্ষোভ প্রকাশ কলকাতা হাইকোর্টের
মাধ্যমিক পরীক্ষা শুরুর মুখে। এদিকে বহু পরীক্ষার্থীর কাছে অ্যাডমিট কার্ড পৌঁছায়নি। এই বিষয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট। স্কুল কর্তৃপক্ষ ও প্রধান শিক্ষকের গাফিলতিতে এমন কাণ্ড। এমনই মন্তব্য করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
ওই প্রধান শিক্ষকদের এবার মোটা অঙ্কের টাকা জরিমানার মুখে পড়তে হবে। এমন কথাও জানিয়ে দিয়েছেন তিনি। রাজ্যের একাধিক স্কুলের ছাত্রছাত্রীরা অ্যাডমিট কার্ড হাতে পায়নি। সেই বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে।

মাধ্যমিক পরীক্ষার আর কয়েক দিন বাকি। অভিযোগ, শুধু স্কুলের গাফিলতিতে মাধ্যমিক পরীক্ষার দুদিন আগেও পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড হাতে পায়নি। বাগুইআটি জ্যাংড়া আদর্শ বিদ্যালয় এবং অশোকনগরের সূর্যমৌলানা আজাদ উচ্চ বিদ্যালয়ের বেশ কিছু ছাত্র-ছাত্রী এই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়।
এছাড়াও মুর্শিদাবাদের একটি হাইস্কুলের আট জন ছাত্র অ্যাডমিট কার্ড পায়নি বলেও অভিযোগ। তাদের অভিভাবকরাও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আবেদনগুলির ভিত্তিতে মামলা হয়েছে। হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই মামলা হয়েছে।
বিষয়টি শুনেই রুষ্ট হয়েছে কলকাতা হাইকোর্ট৷ ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। প্রধান শিক্ষকদের উদ্দেশে বিচারপতি বলেন, মোটা টাকার ব্যাগ হাতে করে হাইকোর্টে আসতে হবে তাঁদের। বিপুল পরিমাণ জরিমানার মুখোমুখি হতে হবে তাঁদের। কেন পরীক্ষার্থীদের হাতে এখনও অ্যাডমিট কার্ড পৌঁছায়নি? সেই প্রশ্ন উঠেছে।
এর আগে মাধ্যমিক পরীক্ষার সসময়সূচি বদল নিয়েও কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। সময়সূচি বদল নিয়ে রাজ্যকে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। শেষ সময়ে কলকাতা হাইকোর্ট আর সময়সূচি বদল করতে চাইছে না। এমন কথা বলেছিলেন বিচারপতি।












Click it and Unblock the Notifications