বিজেপির বিরুদ্ধে কতটা বাড়বে আন্দোলনের ঝাঁঝ? নেতাজি ইন্ডোরে কী বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়?
রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বড় বৈঠক। আজ বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠক ঘিরে চলছে চর্চা। লোকসভা ভোটের প্রক্রিয়া শুরু হয়ে যাবে কিছুদিন পরেই। আন্দোলনের ঝাঁঝ কতটা বাড়াবে তৃণমূল কংগ্রেস? তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় কোন দিশা দেখাবেন আজ মঞ্চ থেকে? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
বিশ্বকাপ সেমি ফাইনাল ইডেন গার্ডেন্সে হয়েছিল। সেই কারণে ওই দিনে সভা করেনি তৃণমূল কংগ্রেস। আজ ২৩ নভেম্বর ওই সভা অনুষ্ঠিত হচ্ছে। দলের সাংসদ মন্ত্রী সহ সব জনপ্রতিনিধি নেতারা উপস্থিত থাকছেন এই সভায়। অবশ্যই প্রধান বক্তা মমতা বন্দোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে বক্তব্য রাখতে দেখা যেতে পারে।

বছর ঘুরলেই লোকসভা ভোট। রাজ্যের উৎসবের মরশুম কেটে গিয়েছে। ফলে রাজনৈতিক তরজা বাড়তে শুরু করেছে। উত্তাপ আরও বাড়বে আগামী দিনে। লোকসভা ভোট এগিয়ে এলেই পরিস্থিতি আরও উত্তপ্ত হবে। রাজনৈতিক ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে লড়াই করছে। কোন দিশা নিয়ে এই লড়াইয়ের ঝাঁঝ বাড়ানো হবে? সেই প্রশ্ন উঠছে।
একশো দিনের কাজের পাওনা টাকা পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকাও পাঠায়নি কেন্দ্র। দিল্লিতে দুদিন কর্মসূচি নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজভবনের সামনেও ধরনা দেন তিনি। কিন্তু তারপরেও দিল্লি থেকে তেমন কোনও আশার আলো দেখানো হয়নি। আন্দোলন কি তেমন কোনও পথ বার করে দিল না? এমনই প্রশ্ন ওয়াকিবহাল মহলের একাংশের।
বিজেপি সরকারের বিরুদ্ধে কীভাবে আন্দোলন করা হবে? তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের আগে কতটা প্রস্তুতি নেবে? সেই সব বিষয়েই বার্তা দেবেন দলনেত্রী। ১০০ দিনের কাজের টাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কি এবার দিল্লিতে আন্দোলনে নামবেন? জাতীয় রাজনীতিতে কতটা সামনের সারিতে এবার থাকবেন তৃণমূল সুপ্রিমো? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
রাজ্যের সাধারণ মানুষের কাছে কীভাবে বার্তা পৌঁছানো হবে? দলের নীচুতলার কর্মী সমর্থকদের কাছেও কীভাবে বার্তা দেওয়া হবে? সেইসব বিষয় আলোচনা হবে বলে আন্দাজ করা যাচ্ছে। দলনেত্রী কী বার্তা দেন? সেদিকেই তাকিয়ে রয়েছে তৃণমূল কর্মী সমর্থকরা।












Click it and Unblock the Notifications