কমিশনের বদল করা আধিকারিকদের নতুন দায়িত্ব দিল নবান্ন
আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল এনেছে নির্বাচন কমিশন। পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তা থেকে শুরু করে জেলাশাসক পর্যায়ের মোট ১৩ জন আইএএস আধিকারিককে বদলির নির্দেশ জারি করা হয়েছে। এই নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই বদলি হওয়া আধিকারিকদের একটি অংশকে নতুন দায়িত্বে নিয়োগ করেছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার।
বুধবার নির্বাচন কমিশন রাজ্যের ১৩ জন আইএএস আধিকারিককে বদলির নির্দেশ জারি করে। এর মধ্যে কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, দার্জিলিং, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক এবং কলকাতার দুই নির্বাচনী আধিকারিক (DEO) রয়েছেন। কমিশনের নির্দেশ অনুযায়ী, এই রদবদল অবিলম্বে কার্যকর করতে হবে এবং ১৯ মার্চ, ২০২৬ বিকেল ৩টের মধ্যে যোগদানের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। বদলি হওয়া এই আধিকারিকরা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আর কোনো নির্বাচনী পদে থাকতে পারবেন না।

কমিশনের নির্দেশিকার পরপরই নবান্ন পদক্ষেপ করে বদলি হওয়া ১১ জন আইএএস আধিকারিককে নতুন প্রশাসনিক দায়িত্ব দিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার অপসারিত জেলাশাসক অরবিন্দ কুমার মীনাকে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক দফতরের সচিব করা হয়েছে। পূর্ব বর্ধমানের প্রাক্তন জেলাশাসক আয়েশা রানিকে পুর ও নগরোন্নয়ন দফতরের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। মুর্শিদাবাদের প্রাক্তন জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা এখন রাজ্যের কৃষি দফতরের বিশেষ সচিবের পদে নিযুক্ত।
একইভাবে, নদিয়ার প্রাক্তন জেলাশাসক নিখিল নির্মলকে স্কুল শিক্ষা দফতরের বিশেষ সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। মালদহের অপসারিত জেলাশাসক প্রীতি গোয়েলকে স্বাস্থ্য দফতরের বিশেষ সচিবের পদে পাঠানো হয়েছে। উত্তর ২৪ পরগনার প্রাক্তন জেলাশাসক সিয়াদ এন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের বিশেষ সচিবের দায়িত্ব পেয়েছেন। আলিপুরদুয়ারের অপসারিত জেলাশাসক অভিজিৎ তুকারাম প্রাণীসম্পদ উন্নয়ন দফতরের বিশেষ সচিব হচ্ছেন, কোচবিহারের প্রাক্তন জেলাশাসক রাজু মিশ্র পরিবহণ দফতরের বিশেষ সচিব এবং জলপাইগুড়ির প্রাক্তন জেলাশাসক রবিপ্রকাশ মীনা গণশিক্ষা বিভাগের বিশেষ সচিবের দায়িত্ব পেয়েছেন।
কলকাতার দুই প্রাক্তন ডিইও-কেও নতুন প্রশাসনিক পদ দেওয়া হয়েছে। সাধারণত, ডিইও হিসেবে সংশ্লিষ্ট জেলার জেলাশাসককে নিয়োগ করা হয়, তবে কলকাতার ক্ষেত্রে নিয়মটি ভিন্ন। এখানে কোনো জেলাশাসক না থাকায় আইএএস পদমর্যাদার আধিকারিকদের এই দায়িত্ব দেওয়া হয়। দক্ষিণ কলকাতার প্রাক্তন ডিইও সুমিত গুপ্তকে নবান্ন বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব করেছে। অন্যদিকে, উত্তর কলকাতার প্রাক্তন ডিইও তথা পুর কমিশনার অংশুল গুপ্তকে সরিয়ে দেওয়ার পর নবান্ন তাকে পুর ও নগরোন্নয়ন দফতরের বিশেষ সচিব হিসেবে নিয়োগ করেছে। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী, উত্তর কলকাতার নতুন ডিইও স্মিতা পাণ্ডে এবং দক্ষিণ কলকাতার নতুন ডিইও রনধীর কুমারকে নিযুক্ত করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।
কেবল জেলাশাসক পদেই নয়, পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের ক্ষেত্রেও নির্বাচন কমিশন রদবদল জারি রেখেছে। এর আগে ১৯ জন সিপি-এসপি বদলের নির্দেশিকার পর, মাত্র ৭২ ঘণ্টার মধ্যে রাজ্যে আরও পাঁচ জন ডিআইজিকে বদলির নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বর্ধমান রেঞ্জের নতুন ডিআইজি হয়েছেন শ্রীহরি পাণ্ডে, প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি কঙ্করপ্রসাদ বাড়ুই, মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি অজিত সিং যাদব, জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি অঞ্জলি সিং এবং রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি রাঠোর অমিত কুমার ভকত।
নির্বাচনের প্রাক্কালে প্রশাসনের শীর্ষ স্তরে এই ব্যাপক রদবদল আসন্ন বিধানসভা ভোট অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে কমিশনের দৃঢ় অবস্থানেরই ইঙ্গিত দেয়।
-
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
ভোটার তালিকা ইস্যুতে মালদহে বিচারক ঘেরাও এর ঘটনায় রিপোর্ট তলব কমিশনের -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের










Click it and Unblock the Notifications