RG Kar case: রায়ে 'অসন্তুষ্ট' মমতা, সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের রাজ্যের
RG Kar case: আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের (Sanjoy Roy) ফাঁসির আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta HC) দ্বারস্থ রাজ্য সরকার। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করল রাজ্য। ডিভিশন বেঞ্চে আবেদন জানান অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। ইতিমধ্যেই মামলা দায়েরের অনুমতি দিয়েছে হাইকোর্ট।
সোমবার রাতে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, আদালত কেন আরজি করের ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম অপরাধ হিসেবে গণ্য করল না, তা দেখে তিনি সত্যিই স্তম্ভিত। বিস্ময় প্রকাশ করে মুখ্যমন্ত্রী আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে জঘন্য অপরাধ হিসেবে ব্যাখ্যা করেন। অসন্তোষের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী জানান, সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে যাবে রাজ্য।

মামলা দায়েরের আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে। মঙ্গলবার হাইকোর্টের কার্যকাল শুরু হতেই বিচারপতি দেবাংশু বসাকের দৃষ্টি আকর্ষণ করেন রাজ্যের আইনজীবীরা। সঞ্জয়ের ফাঁসির দাবিতে আবেদন জানান এজি কিশোর দত্ত। মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি। মুখ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে মামলা দায়ের করল রাজ্য।
যদিও মুখ্যমন্ত্রী রাজ্যের হাইকোর্টে যাওয়ার ঘোষণা নিয়ে একমত নন অভয়ার পরিবার। সঞ্জয়ের ফাঁসি দিতে মুখ্যমন্ত্রী কেন এত সক্রিয় ভূমিকা পালন করছেন, সেই প্রশ্ন তোলেন আরজি করের নির্যাতিতার পরিবার। আগে তদন্ত সম্পূর্ণ করার দাবি তাঁদের। সঞ্জয় একা নয়, বাকি কারা কারা জড়িত তাঁদের খুঁজে বের করে তদন্ত হোক বলে জানিয়েছেন অভয়ার পরিবার। "ফাঁসি দিয়ে বিচার দিয়ে দিলাম, উনি কি এটা দেখাতে চাইছেন?" প্রশ্ন তুলেছে অভয়ার পরিবার।
সোমবার শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার সাজা শোনান। ওই রায়ে বিস্ময় প্রকাশ করেন মমতা। তিনি বলেন, "আমরা প্রথম দিন থেকে ফাঁসির দাবি করেছিলাম। এখনও তাই করছি। এই ধরনের নরপিশাচের চরম শাস্তি হওয়া উচিত। ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম।" এরপর সন্ধেয় মমতা জানিয়ে দেন, সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে যাবে রাজ্য।












Click it and Unblock the Notifications