প্রশান্ত কিশোরের দেখানো পথেই বিজেপি বধের পরিকল্পনা, দলের 'নির্দিষ্ট' কর্মীদের বিশেষ গুরুত্ব মমতার
প্রশান্ত কিশোরের দেখানো পথেই বিজেপি বধের পরিকল্পনা, দলের 'নির্দিষ্ট' কর্মীদের বিশেষ গুরুত্ব মমতার
২০২১-এর নির্বাচনে কোন বুথে কোন কর্মী বসবেন তা কার্যত ঠিক করে ফেলেছেন বীরভূম জেলা তৃণমূলের (trinamool congress) সভাপতি অনুব্রত মণ্ডল। কিন্তু সারা রাজ্যের ক্ষেত্রে তা প্রয়োজ্য নয়। তাই ভোটের দিন যেসব তৃণমূল কর্মী সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবেন, তাঁদের নিয়েই বৈঠক করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। প্রশান্ত কিশোরও (prashant kishor) এব্যাপারে পথ দেখানোর কাজ করেছেন বলে সূত্রের খবর।

কারচুপি রুখতে বুথকর্মীরাই ভরসা
২০১৯-এর লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির কাছে ধাক্কা খাওয়ার পরে তৃণমূল সুপ্রিমো দাবি তুলেছিলেন ব্যালটেই ফিরে যেতে হবে। তাঁর অভিযোগ ছিল ইভিএম-এ কারচুপির। যদিও সেই দাবি মানেনি নির্বাচন কমিশন। এই ব্যাপারে তৃণমূলের অপর দাবি হল একশো শতাংশ ইভিএম-এ ভিভিপ্যাট লাগাতে হবে। এই পদ্ধতিতে ইভিএম-এর কারচুপি রোখা সম্ভব বলেই মনে করছে ঘাসফুল শিবির। ফলে দলের যেসব কর্মী ভোটের দিন বুথের মধ্যে থাকবেন, তাঁদের ইভিএম আর ভিভিপ্যাট সংক্রান্ত যাবতীয় বিষয় ভাল করে বুঝে নিতে জোর দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
ঘাসফুল শিবিরের তরফে বলা হয়েছে, ইভিএমের কাছে থাকা কর্মীরাই সব থেকে আগে সেখানকার কোনও ত্রুটির কথা প্রথমে বুঝতে পারেন। ফলে তাতে যাতে কোনও ফাঁক না থাকে তা বোঝাতেই এই সভার আয়োজন।

বুথকর্মীদের নিয়ে সভা মমতার
সাধারণ মানুষের ভোট যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা, ঠিক তেমনই বুথকর্মীরা বড় ভরসা তাঁর। ভোটের দিন বুথের সঙ্গে যুক্ত, স্পষ্ট করে বলতে গেলে ইভিএম আর ভিভিপ্যাটের সঙ্গে যুক্ত থাকবেন, প্রতিটি বুথ থেকে এমন পাঁচজনকে নিয়ে সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৮ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে সেই সভা হবে। এইসব কর্মীরা ছাড়াও, তৃণমূল বিধায়ক, জেলা সভাপতিদেরও সেই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

কঠিন সময়ে বুথ কর্মীদের পাশে
তৃণমূলের সামনে এসময় একটা কঠিন সময়। একের পর এক হেভিওয়েট দল ছাড়ছেন। অন্যদিকে তাঁরা বিজেপিতে যোগ দিয়েই বলছেন নির্বাচনের দিন ঘোষণার পরেই পরিস্থিতি বুঝতে পারবে তৃণমূল। যেক্ষেত্রে আকারে ইঙ্গিতে যেমন কেন্দ্রীয় বাহিনীর কথা বলা হচ্ছে, ঠিক তেমনই ঘাসফুল শিবিরে ফের ভাঙনেরও হুঁশিয়ারির কথা রয়েছে। সেই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বুথ কর্মীদের গুরুত্ব অপরিসীম। এই সভার মাধ্যমে বুথ কর্মীদের পাশে থাকার বার্তাও দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আগেই গুরুত্ব দিয়েছেন অনুব্রত মণ্ডল
তবে বুথ কর্মীদের গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি নিজের জেলার ১১ টি আসন ছাড়াও তাঁর দায়িত্বে থাকা পূর্ব বর্ধমানের অংশেও বুথকর্মীদের সভা ইতিমধ্যেই শেষ করে ফেলেছেন। সেখানকার বুথ কর্মীদের অভাব, অভিযোগের কথা শুনেছেন। এবার বুথে বুথে তৃণমূলের পরিস্থিতি কী, সেই রিপোর্টও তিনি নিয়েছেন। তারপরেই হুঙ্কার ছেড়েছেন ভয়ঙ্কর খেলা হবে।












Click it and Unblock the Notifications