তৃণমূল হাঁফিয়ে গিয়েছে, এবার খেলবে বিজেপি, বললেন দিলীপ
তৃণমূল হাঁফিয়ে গিয়েছে, এবার খেলবে বিজেপি, বললেন দিলীপ
তৃণমূল (trinamool congress) খেলতে খেলতে হাঁফিয়ে গিয়েছে। এবার গ্যালারিতে বসুক ওরা। এদিন পশ্চিম মেদিনীপুরের কেশপুরে (keshpur) রথযাত্রা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ (dilip ghosh) বলেন, বদলের সঙ্গে বদলাও হবে। জনগণের খেলা হবে বলে মন্তব্য করেছেন বিজেপির (bjp) রাজ্য সভাপতি।

গ্যালারিতে বসুক তৃণমূল
রথযাত্রার সঙ্গী হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি কেশপুরে বলেন, তৃণমূলের নেতাকর্মীরা এলাকায় বাইকে ঝাণ্ডা নিয়ে খুব ঘোরাঘুরি করছে। সঙ্গে সঙ্গে দলীয় সমর্থকরা স্লোগান দিতে শুরু করেন, খেলা হবে। দিলীপ ঘোষ প্রশ্ন করেন, খেলা হবে? তখন সবাই চিৎকার করে বলে ওঠেন, খেলা হবে। এই সময় দিলীপ ঘোষ বলেন, অনেক খেলেছে ওরা, ক্লান্ত হয়ে গিয়েছে। তিনি আরও বলেন, ওদেরকে বলুন গ্যালারিতে বসতে, এবার বিজেপি খেলবে। তিনি বলেন, খেলা নিশ্চয়ই হবে। পশ্চিমবঙ্গের ইতিহাসে এই নির্বাচনকে সবাই মনে রাখবে বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি বলেন জনগণের খেলা হবে।

মমতাকে হুঁশিয়ারি
এদিনের কর্মসূচি থেকে দিলীপর ঘোষ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দিদিমনি যদি মনে করেন, যাই বলবেন, তাই হবে, তা কিন্তু হবে না। তিনি বলেন, পরিবর্তন হবে আর খেলা হবে। তিনি বলেন, এবার বিজেপি আর সাধারণ মানুষের খেলা হবে আর তার ফল বেরোবে ২৩ মে। সঙ্গে তিনি বলেন, ২০০ আসন নিয়ে বিজেপি নবান্নে বসবে। সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন সেখানে আসা বিজেপি সমর্থকরা।

কেশপুর হবে তৃণমূলের শেষপুর
এদিন খেলা হবে স্লোগান ছাড়াও দিলীপ ঘোষ বলেছেন, কেশপুর হবে তৃণমূলের শেষপুর। প্রসঙ্গত ২০০১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৎকালাীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই একই ধরনের স্লোগান দিয়ে বলেছিলেন, কেশপুর হবে সিপিএম-এর শেষপুর। সেই সময় এই স্লোগান দিয়ে পাঁশকুড়া লোকসভা কেন্দ্র একবার বামেদের হাতছাড়া হলেও তা পরে পুনরুদ্ধার করে বামেরা। ২০১১-র বিদানসভা নির্বাচনে সারা বাংলায় পরিবর্তনের হাওয়া থাকলেও কেশপুরে সিপিএম প্রার্থী জিতেছিলেন অনেক বেশি ব্যবধানে। পরবর্তী ২০১৬-র নির্বাচনে এই আসনেই তৃণমূল জয়লাভ করে প্রায় একলক্ষ ভোটে।

তৃণমূল খেলতে নামেনি
এর পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, তৃণমূল এখনও খেলতে নামেনি। তবে রাজনীতির যে খেলা হবে, তা তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেন, যখন কেশপুরের মানুষকে নিয়ে তৃণমূল বামেদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, তখন দিলীপ ঘোষ ছিলেন শিশু এবং প্রত্যক্ষ রাজনীতির বাইরে। তিনি বলেন, পশ্চিমবঙ্গে গণহত্যা, ধর্ষণের ঘটনা দিলীপবাবুরা দেখেননি। দিলীপ ঘোষ ইতিহাসর ভূগোল জানেন না বলেও মন্তব্য করেছেন কুণাল ঘোষ।












Click it and Unblock the Notifications