West Bengal Bypoll Left Candidates: বিধানসভা উপনির্বাচনে একাই লড়বে বামেরা, ৫ আসনের প্রার্থী ঘোষণা
West Bengal Bypoll Left Candidates: ১৩ নভেম্বর রাজ্যের ছয় বিধানসভা আসনে রয়েছে উপনির্বাচন। বিজেপি, তৃণমূলের পর এবার উপনির্বাচনের (By election)প্রার্থী তালিকা প্রকাশ করল বামেরা। ৫ বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে তারা। তবে উপনির্বাচনে জোটের পথে হাঁটল না লাল ব্রিগেড।
বাংলার সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও তালড্যাংরা বিধানসভা আসনে ভোটগ্রহণ ১৩ নভেম্বর। হাড়োয়া বিধানসভা কেন্দ্র বাদে বাকি আসনগুলিতে এদিন প্রার্থীর নাম ঘোষণা করেছে বামেরা। তবে কংগ্রেসের সঙ্গে (Left congress alliance) আসন সমঝোতায় হাঁটল না তারা।

কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের অরুণ কুমার বর্মা। তফসিলি উপজাতি সংরক্ষিত মাদারিহাট আসন থেকে আরএসপির পাদম ওঁরাও, মেদিনীপুর আসন থেকে সিপিএমের মণিকুন্তল খামরুই, বাঁকুড়ার তালড্যাংরা আসন থেকে সিপিএমের দেবকান্তি মোহান্তি এবং নৈহাটি থেকে সিপিআইএমএলের দেবজ্যোতি মজুমদারকে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামেদের।
হাড়োয়া-সহ এই পাঁচ আসনের বিধায়করা গত লোকসভা নির্বাচনে সাংসদ হয়েছেন। তাই ছেড়ে আসা বিধায়কের আসনে হবে উপনির্বাচন। হাড়োয়া কেন্দ্র থেকে শীঘ্রই প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে বাম নেতৃত্ব।
মাদারিহাট আসনে বিধায়ক থেকে সাংসদ হন বিজেপির মনোজ টিগ্গা। তাঁর ছেড়ে আসা আসনে হবে উপনির্বাচন। সিতাইয়ের বিধায়ক আসন ছেড়ে কোচবিহারের সাংসদ হয়েছেন তৃণমূলের জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। মেদিনীপুরে জুন মালিয়া ও তালড্যাংরা ছেড়ে বাঁকুড়ার সাংসদ হয়েছেন অরূপ চক্রবর্তী। নৈহাটির বিধায়ক পদ থেকে ব্যারাকপুরের সাংসদ হয়েছেন পার্থ ভৌমিক। তাই এসমস্ত আসনে রয়েছে ভোট।
আসন্ন বিধানসভা উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করুন#Vote4Left#LeftAlternative#BengalNeedsLeft#CPIM pic.twitter.com/aICsnwsQs5
— CPI(M) WEST BENGAL (@CPIM_WESTBENGAL) October 21, 2024
বাংলার পাশাপাশি অসমের ৫টি, বিহারের ৪টি, ছত্তীসগঢ়ের ১টি, গুজরাতের ১টি, কর্ণাটকের ৩টি, কেরলের ২টি, মধ্যপ্রদেশের ২টি, মেঘালয়ের ১টি, পঞ্জাবের ৪টি, রাজস্থানের ৭টি, সিকিমের ২টি, উত্তরপ্রদেশের ৯টি, উত্তরাখণ্ডের ১টি ও বাংলার ৬টি বিধানসভা আসনে হবে উপনির্বাচন।












Click it and Unblock the Notifications