West Bengal By Polls 2024: বাংলার ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির
West Bengal By poll BJP Candidates: ১৩ নভেম্বর রাজ্যের ছয় বিধানসভা (Six Assembly Constituencies) আসনে রয়েছে উপনির্বাচন (By Election)। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই উপনির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি (BJP Candidates)। বাংলার সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও তালড্যাংরা বিধানসভা আসনে ভোটগ্রহণ ১৩ নভেম্বর।
এই ছয় আসনের বিধায়করা গত লোকসভা নির্বাচনে সাংসদ হয়েছেন। তাই ছেড়ে আসা বিধায়কের আসনে হবে উপনির্বাচন (Bengal By election)। যদিও বসিরহাটের সাংসদ হাজি নরুল ইসলাম সম্প্রতি প্রয়াত হয়েছেন। তবে বসিরহাট লোকসভা আসনে আপাতত উপনির্বাচন হচ্ছে না।

বিজেপির প্রকাশিত তালিকা অনুযায়ী, সিতাই কেন্দ্রে প্রার্থী হচ্ছেন দীপক কুমার রায়, মাদারিহাট কেন্দ্রে বিজেপির প্রার্থী রাহুল লোহার। পাশাপাশি নৈহাটি কেন্দ্রে বিজেপি প্রার্থী রূপক মিত্র। হাড়োয়ায় বিমল দাসকে প্রার্থী ঘোষণা বিজেপির। মেদিনীপুর ও তালড্যাংরা কেন্দ্রে বিজেপির প্রার্থী যথাক্রমে শুভজিৎ রায় ও অনন্যা রায় চক্রবর্তী।
মাদারিহাট আসনে বিধায়ক থেকে সাংসদ হন বিজেপির মনোজ টিগ্গা। তাঁর ছেড়ে আসা আসনে হবে উপনির্বাচন। সিতাইয়ের বিধায়ক আসন ছেড়ে কোচবিহারের সাংসদ হয়েছেন তৃণমূলের জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। মেদিনীপুরে জুন মালিয়া ও তালড্যাংরা ছেড়ে বাঁকুড়ার সাংসদ হয়েছেন অরূপ চক্রবর্তী। নৈহাটির বিধায়ক পদ থেকে ব্যারাকপুরের সাংসদ হয়েছেন পার্থ ভৌমিক। তাই এসমস্ত আসনে রয়েছে ভোট।
১৩ নভেম্বরের উপনির্বাচনের মনোনয়নের শেষ তারিখ ২৫ অক্টোবর। ২৮ অক্টোবরের মধ্যে মনোনয়ন পত্র স্ক্রুটিনি ও ৩০ অক্টোবরের মধ্যে মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা। ২৩ নভেম্বর মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে ভোটগণনা। সেদিনই একসঙ্গে ভোট গণনা হবে উপনির্বাচনেরও।
বাংলার পাশাপাশি অসমের ৫টি, বিহারের ৪টি, ছত্তীসগঢ়ের ১টি, গুজরাতের ১টি, কর্ণাটকের ৩টি, কেরলের ২টি, মধ্যপ্রদেশের ২টি, মেঘালয়ের ১টি, পঞ্জাবের ৪টি, রাজস্থানের ৭টি, সিকিমের ২টি, উত্তরপ্রদেশের ৯টি, উত্তরাখণ্ডের ১টি ও বাংলার ৬টি বিধানসভা আসনে হবে উপনির্বাচন।
কেরলের ওয়েনাডে লোকসভা উপনির্বাচনে প্রিয়ঙ্কা গান্ধীকে প্রার্থী করেছে কংগ্রেস। তাঁর বিরুদ্ধে নভ্য় হরিদাসকে দাঁড় করাল গেরুয়া শিবির। লোকসভায় ওয়েনাড ও রয়বরেলী দুই আসন থেকেই জিতেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রয়বরেলী ধরে রেখে ওয়েনাড ছেড়ে দেন রাহুল। দাদার ছাড়া আসনেই এবার প্রার্থী হচ্ছেন প্রিয়ঙ্কা গান্ধী।












Click it and Unblock the Notifications