WB Assembly TMC vs BJP: বিধানসভায় ধর্মযুদ্ধ! হিন্দুদের উপর আক্রমণে সরকারের বিবৃতি দাবি, ফের ওয়াকআউট বিজেপির
WB Assembly TMC vs BJP: ফের বিজেপির ওয়াকআউট। হিন্দুদের উপর আক্রমণের অভিযোগ তুলে সরকার পক্ষের বিবৃতি দাবি। বিজেপি বিধায়কদের দাবি খারিজ করে দেন বিধানসভার অধ্যক্ষ। প্রতিবাদে মঙ্গলবার বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বিধানসভার গেটের বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভও প্রদর্শন করেন তাঁরা।
বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভে সামিল হয়ে শুভেন্দু অধিকারী বলেন, "বিধানসভাকে প্রহসনে পরিণত করেছেন মুখ্যমন্ত্রী। ভিতরে ক্যামেরা নিষিদ্ধ, তাই প্রতিদিনই বাইরে এসে আমাদের জনগণের কথা বলতে হচ্ছে। শঙ্কর ঘোষ সরকারের বিবৃতি চেয়েছে। আমি থাকলে পুলিশমন্ত্রীর বিবৃতি চাইতাম। পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ স্থানে বন্ধ ইন্টারনেট, ১৪৪ ধারা জারি, কেন? কাকে জবাবদিহি করবেন? পশ্চিমবঙ্গে করবেন না তো কোথায় করবেন? পুদুচেরিতে বিধানসভার লাইভ স্ট্রিমিং হয়, মণিপুরে হয়, এখানে হয় না। বিধায়করা বিধানসভায় কী বলছেন তা জানা যায় না।"

বিধানসভার ভেতরে বিধায়কদের পাশে নিয়ে শুভেন্দু আরও বলেন, "এসসি কমিউনিটির লোকেরা আমাদের ভরসা করে। এসসিদের ভোটে নন্দীগ্রামে জিতেছি। আমরা দায়বদ্ধ। পাঁচটা গ্রামকে সাসপেন্ড করে রেখে দিয়েছেন। ১৬৩ ধারা জারি করেছেন। আমরা বলব না? কোথায় জানতে চাইব আমরা? লাইভ স্ট্রিমিং করেন না। কোথায় কী বলছি, কেন বলছি, কেউ জানতে পারছেন না।"
প্রসঙ্গত, দোল ও হোলি ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা নিয়ে আলোচনা দাবি করে বিজেপি। তাদের আনা মুলতুবি প্রস্তাব বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষকে আংশিক পাঠের অনুমতি দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির বিজেপি বিধায়ক বলেন, "দোল উৎসবে রাজ্যের বিভিন্ন জায়গায় যে অশান্তি হয়েছে তাতে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। আলোচনার অনুমতি না দেওয়া হলে অন্তত সরকারপক্ষ বিধানসভায় যেন এনিয়ে বিবৃতি দেন।"
যদিও শঙ্কর ঘোষের দাবি খারিজ করে দেন বিধানসভার অধ্যক্ষ। পাল্টা তাঁর যুক্তি, "ইতিমধ্যেই সাম্প্রদায়িক সম্প্রীতির উপর বিধানসভায় দীর্ঘ আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে বিবৃতি দিয়েছেন। সুতরাং পুনরায় এনিয়ে আলোচনার প্রয়োজন নেই।" এরপরই বিজেপি সদস্যরা সভায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। সরকার হিন্দু বিরোধী বলে স্লোগান তোলেন তাঁরা। পাল্টা স্লোগান দেন শাসকদলের বিধায়করাও। শঙ্কর ঘোষের নেতৃত্বে বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন।












Click it and Unblock the Notifications