Weather Forecast: কালীপুজো ও দীপাবলিতে বাধ সাধবে বৃষ্টি, সপ্তাহান্তে গিয়ে আবহাওয়ার উন্নতির পূর্বাভাস
Weather Update: রাজ্যে ফের বৃষ্টির ভ্রুকুটি। কালীপুজো ও দিওয়ালিতে বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) আবহাওয়া দফতরের। কলকাতা তো বটেই, একইসঙ্গে রাজ্যের জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। সোমবারের পর মঙ্গলবারও প্রধানত আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির (Thunderstorms with light rain) সম্ভাবনা রয়েছে।
এদিকে বুধবার থেকেই আকাশে আরও বজ্রগর্ভ মেঘের সঞ্চার দেখা যাবে। বুধবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টি চলবে বৃহস্পতিবারও। শুক্রবার ফের মেঘ কিছুটা কাটে পারে। তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি জারি থাকবে। শনিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। অর্থাৎ কালীপুজোর বঙ্গে ফের বাধ সাধবে বৃষ্টি।

তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই (North bengal thunderstorms alert)। হলুদ সতর্কতা রয়েছে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর,দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। ৩ নভেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি বেশি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার (Humidity) পরিমাণ ছিল সর্বাধিক ৯৫ শতাংশ। তবে কলকাতা-সহ জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
তবে বৃষ্টি হলেও এখনই শীত আসার পূর্বাভাস (Winter Forecast) মেলেনি। তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। একইসঙ্গে রাতের ব্যাপ্তিকাল বাড়তে থাকবে ও দিনের ব্যাপ্তি কমবে। মোটামুটি নভেম্বরের মাঝামাঝি সময়ে গিয়ে শীত অনুভূত হওয়া শুরু হতে পারে। তবে রাতে বা ভোরের দিকে কুয়াশা দেখা দিতে পারে নভেম্বরের শুরুতেই।












Click it and Unblock the Notifications