Weather Update: জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টি হবে উপকূলের ৩ জেলায়, শীত নিয়ে বড়সড় আপডেট জানাল হাওয়া অফিস
Weather Update: রবিবার জগদ্ধাত্রী পুজোর নবমীতে বৃষ্টির পূর্বাভাস (Rain Alert) দিল আবহাওয়া দফতর। উপকূলের তিন জেলায় বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির (Light Rain) সম্ভাবনা রয়েছে রবিবার। মূলত আর্দ্রতাজনিত বদলের কারণেই এই বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও (North Bengal) বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। উত্তরের পার্বত্য অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা। মূলত দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় বৃষ্টি হতে পারে। অপরদিকে, দেশজুড়ে বর্ষার বিদায়কালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু, পণ্ডিচেরি, কেরল, অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সাধারণত কার্তিক মাসের শুক্ল নবমীতেই রাজ্যজুড়ে জগদ্ধাত্রী পুজো (Jagadhatri Pujo) হয়। এদিন সরকারি ছুটিও থাকে। তবে এবারে রবিবারেই পড়েছে নবমী। ছুটির দিনেও বৃষ্টির ভ্রুকুটি রাজ্যের উপকূলের তিন জেলায়। তবে আগামী ৪-৫ দিনে দক্ষিণবঙ্গে ভারী কোনও বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের আকাশও বেশিরভাগ জায়গায় পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
তবে নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে শীতের প্রকোপ (winter coming) বাড়ার পূর্বাভাসও জানাল হাওয়া অফিস। আর্দ্রতার অভাবে হালকা শীত (winter) অনুভূত হলেও আগামী ৪-৫ দিন সর্বনিম্ন তাপমাত্রায় (temperature) হেরফের হবে না।
ধীর গতিতে শীত প্রবেশ করছে বাংলায়। দিনে হালকা গরম লাগলেও রাতের শীত অনুভূত হবে। যদিও প্রকৃত শীতের আমেজ আসতে এখনও কিছুদিন দেরি রয়েছে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের (Weather Office) তরফে।
শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। রবিবারও তেমনটাই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির সম্ভাবনা কলকাতায় নেই। শনিবার শহরের আপেক্ষিক আর্দ্রতা ছিল শেষে ৭২ শতাংশ। রবিবারও খুব একটা হেরফের হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications