বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, বৃষ্টির দেখা মিললেও কবে স্বস্তি ফিরবে বঙ্গে
বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখার সৃষ্টি হয়েছে। এর জেরে বৃষ্টি হতে পারে। তবু তাপমাত্রা কমবে না! মিলবে না স্বস্তি?
গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির দেখা মিললেও স্বস্তি নেই। আবহাওয়া দফতর সাফ জানিয়েছে, বৃষ্টি হলেও এখনই স্বস্তি মিলবে না। গরম কমার কোনও লক্ষণ নেই। অস্বস্তিসূচকও কমবে না।
তবে মঙ্গলবারও কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিরপুর হাওয়া অফিস। গরমে দিনভর হাঁসফাঁস অবস্থায় কাটলেও এই বৃষ্টিতে আরামদায়ক হতে পারে আবহাওয়া।

বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখার সৃষ্টি হয়েছে। এর জেরে বৃষ্টি হতে পারে। তাহলে তাপমাত্রা কমবে না কেন? কেনই বা স্বস্তি মিলবে না? আবহবিদদের ব্যাখ্যা, কালবৈশাখীর শেষে আর বর্ষা আসার প্রাক মুহূর্তে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিসূচকও বেশি হয়।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ ও বিহার থেকে আসাম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার সৌজন্যে বাংলাজুড়েই বৃষ্টির সম্ভাবনা। সঠিক সময়েই বর্ষা নামবে বলে আশ্বাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা ও তৎসংলগ্ন জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির আশেপাশে রয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে ৪০-৪২ ডিগ্রি তাপমাত্রা থাকবে।
সোমবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গজুড়ে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি নামে। সন্ধ্যের পর কলকাতা ও শহরতলির জেলাগুলিতেও স্বস্তির বৃষ্টি নামে। রাতভর আরামদায়ক আবহাওয়া ছিল। ফলে অনেকদিন পর স্বস্তির ঘুম হয়েছে দক্ষিণবঙ্গবাসীর।












Click it and Unblock the Notifications