অনেক রাজ্যেই নির্যাতিতারা ন্যায়বিচার পান না, বাংলায় পদক্ষেপ হয়, দাবি মমতার
আমি চাই না একটিও ঘটনা ঘটুক। কিন্তু যদি কিছু ঘটে, আমরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ করি। অন্যান্য রাজ্যে এমন অনেক ঘটনা আছে যেখানে নির্যাতিতারা বা তাঁদের পরিবার ন্যায়বিচার পায় না। আজ জানবাজারে কালীপুজোর উদ্বোধন করতে গিয়ে এ কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপিকে নিশানা করে তিনি দাবি করেন, নির্বাচনের আগে ভুল তথ্য ছড়িয়ে মানুষকে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে। আমাদের রাজ্য দেশের অন্যতম নিরাপদ স্থান।

মমতা বলেন,"কিছু লোক কেবল নির্বাচনের সময় আসেন। তাঁরা মিথ্যা ছড়ান এবং মানুষকে বিভক্ত করার চেষ্টা করেন। ওঁরা বলেন, বাংলা নিরাপদ নয়, কিন্তু মানুষ কি রাজ্যে অবাধে ও নিরাপদে চলাফেরা করতে পারেন না?"
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (NCRB) সর্বশেষ তথ্যে কলকাতাকে যে দেশের সবচেয়ে নিরাপদ শহর বলে উল্লেখ করা হয়েছে তা মনে করিয়ে মমতা বলেন, "নিজেরাই সততার সঙ্গে প্রশ্ন করুন-আপনাদের অভিজ্ঞতা কী? এখানকার মানুষ শান্তিতে ও সম্প্রীতি বজায় রেখেই বসবাস করেন।"
বিজেপির নাম উল্লেখ না করে বিরোধী দলগুলোর বিরুদ্ধে অভিযোগ করে মমতা বলেন, "এমন কিছু লোক আছে যারা আদালতে যায় এবং শিক্ষিত যুবকদের চাকরি কেড়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু আমরা মানুষের জন্য কাজ করি এবং তারা আমাদের থামাতে পারবে না। তাদের উদ্দেশ্যকে ব্যর্থ করতে হবে আমাদের।"
গিরীশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবে আরেকটি কালীপূজার উদ্বোধন করে মমতা বলেন, "বিরোধীরা মিথ্যা ছড়ায়, ফটো সেশনে অংশ নেয়, কিন্তু কখনোই মানুষের সঙ্গে থাকে না। কিন্তু তাদের প্রচার ব্যর্থ হয় কারণ জনগণ ভুয়ো আখ্যানগুলি বুঝতে পারেনষ।
বিজেপি নেতাদের সাম্প্রতিক রাজ্য সফরকে পরোক্ষভাবে কটাক্ষ করে মমতা বলেন, "নির্বাচনের সময় তারা ঝাঁকে ঝাঁকে আসে এবং তাদের উদ্দেশ্য পূরণের জন্য বহিরাগতদের এলাকায় নিয়ে আসে। আমরা তাদের চক্রান্তের শিকার হব না। বাংলা সর্বজনীন ভ্রাতৃত্বের ঐতিহ্যকে তুলে ধরে, যেখানে দুর্গাপূজা, কালীপূজা, দীপাবলি, ছট, বড়দিন, গঙ্গাসাগর এবং ঈদ উৎসব সমান উৎসাহে পালিত হয়।"
তিনি আরও বলেন, "ধর্ম মানে মানবতা, ধর্ম মানে মানুষকে বিভক্ত করা এবং ঘৃণা ছড়ানো নয়। আমাদের উদযাপন যেন অন্যের জন্য শোকের কারণ না হয়। দয়া করে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন।"
শেক্সপিয়ার সরণিতে আরেকটি পুজো উদ্বোধনে গিয়ে মমতা দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকার দুর্গতদের ভার্চুয়ালি ক্ষতিপূরণ বিতরণ করেন। দুর্যোগে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের নিকটাত্মীয়দের জন্য সরকারি চাকরিরও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications