Vidya Balan: 'দেবীর শহরে আরজি করের মতো ঘটনা!' কলকাতায় পা রেখে বিস্মিত বিদ্যা বালান
Vidya Balan: কলকাতার সঙ্গে তাঁর ভালোবাসার টান প্রায় সকলেই জানেন। বাঙালি অনুরাগীও প্রচুর। সেই বিদ্যা বালানই এবার অভয়াকাণ্ড (Abhaya Case) নিয়ে মুখ খুললেন। সোমবার নিজের ছবি ভুলভুলাইয়া থ্রিয়ের (Bhulbhulaiya 3) প্রচারে এসে সরব হন বিদ্যা। কলকাতার মতো শহরে এহেন নৃশংস ঘটনায় বিস্মিত হয়েছেন বলে জানালেন তিনি।
এদিন বিদ্যা বলেন, "কলকাতা ও পশ্চিমবঙ্গের মানুষ নারীদের সম্মান করতে জানে। কিন্তু এই ঘটনা শুনে আমি আর বাকি পাঁচজনের মতোই হতবাক হয়েছি। কলকাতার মাটিতে এরকম ঘটনা কী করে ঘটতে পারে বুঝতে পারছি না।"

বিদ্যা আরও বলেন, "দীর্ঘদিন আমার এই শহরে আসা যাওয়া। অনেক ভালোবাসা পেয়েছি। আরজি করের ঘটনা (RG Kar rape case) আমার কাছে বড় ধাক্কা। এত আঘাত পেয়েছি তা বোঝাতে পারব না।"
গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে ধর্ষণ করে খুন করা হয় তরুণী চিকিৎসককে। ঘটনায় প্রতিবাদের ঝড় ওঠে সব মহলে। বিচার না পাওয়া পর্যন্ত প্রতিবাদের আগুন নিভবে না বলে জানিয়ে দেন প্রতিবাদীরা।
অভয়া খুনে সরব হন বলিউডের একাধিক তারকা। করিনা কপুর খান, আলিয়া ভাট থেকে আয়ুষ্মান খুরানা কড়া প্রতিবাদ করেন। তখন অবশ্য মুখ খুলতে দেখা যায়নি বিদ্যাকে। এবার কলকাতায় এসে হতাশা ব্যক্ত করলেন অভিনেত্রী।
পশ্চিমবঙ্গের সঙ্গে নিবিড় সম্পর্ক বিদ্যা বালানের। বাংলা থেকেই কাজের হাতেখড়ি বিদ্যার। প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে বাংলা ছবি 'ভালো থেকো'-তে প্রথম অভিনয় করেন বিদ্যা। এরপর ২০০৫ সালে পরিণীতা ছবিতে বলিউডে পা রাখেন অভিনেত্রী। শরৎচন্দ্র চট্টোপাধ্য়ায়ের পরিণীতা উপন্যাস অবলম্বনে তৈরি ছবিটি। যদিও সুজয় ঘোষের কাহানি ছবিতে বাঙালি নারী হিসেবে তার অভিনয় সকলের মনে দাগ কেটেছিল। কলকাতাতেই শুটিং হয়েছিল কাহানির।
শুক্রবার মুক্তি পেতে চলেছে বিদ্যা বালান ও কার্তিক আরিয়ানের 'ভুলভুলাইয়া ৩'। প্রায় ১৭ বছর পর ফের 'মঞ্জুলিকা'র চরিত্রে দেখা যাবে বিদ্যা বালানকে। কলকাতায় এসে সাংবাদিকদের সঙ্গে বাংলাতেই কথা বলেন তিনি। পাশে বসা কার্তিককেও শেখালেন বাংলা।












Click it and Unblock the Notifications