মহাষ্টমীতে বাংলার জয়গান, নতুন গানে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
দুর্গাপুজোর মহাষ্টমীর সকালে বাঙালির প্রাণের উৎসবে আরও এক নতুন ছোঁয়া যোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু শুভেচ্ছা জানানোই নয়, বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও কৃতিত্বের জয়গান গেয়ে তুললেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের লেখা ও সুর করা এক নতুন গান শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী। গেয়েছেন শিল্পী মনোময় ভট্টাচার্য।

গানের প্রথমেই শোনা যায়- "দেশের সেরা বাংলা/বিশ্বসেরা বাংলা/মাতৃময়ী মা বাংলা/কর্মময়ী বাংলা"। এই কথার মধ্যে দিয়েই যেন উঠে এসেছে বাংলার আত্মগৌরবের বার্তা। শুধু সাহিত্য বা সংস্কৃতিই নয়, কর্মদক্ষতা ও কৃতিত্বের নানা উদাহরণে বাংলা আজ বিশ্ব দরবারে নিজের জায়গা করে নিয়েছে- সেই কথাই প্রতিফলিত হয়েছে গানে।
পোস্টে শুভেচ্ছা জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, "সকলকে মহাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা। এই উপলক্ষে আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম আমার লেখা ও সুর করা, এবং মনোময় ভট্টাচার্যের গাওয়া একটি নতুন গান।"
আজ সকাল থেকে মণ্ডপে মণ্ডপে অঞ্জলির ভিড়। সন্ধ্যায় হবে মহাসন্ধি পুজো। তারপরই নবমী, আর তার পরেই শেষ পর্বে পৌঁছবে দুর্গাপুজো। বিজয়ার আবহকে সামনে রেখেই বাংলার ঐতিহ্যের কথা স্মরণ করালেন মুখ্যমন্ত্রী। তিনি মনে করিয়ে দেন, তাঁর উদ্যোগেই দুর্গাপুজো পেয়েছে ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি। ফলে বাঙালির উৎসব এখন সত্যিই বিশ্বজনীন।
প্রায় সাড়ে চার মিনিটের এই গানটি মনোময় ভট্টাচার্যের কণ্ঠে পেয়েছে প্রাণবন্ত রূপ। গানের কথায় এসেছে নোবেলজয়ী থেকে শুরু করে বিশ্বমঞ্চে বাংলার নানা কৃতিত্বের প্রসঙ্গ। প্রতি বছরই দুর্গাপুজোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান প্রকাশিত হয়। এবছরও একাধিক গান রচনা করেছেন তিনি, যা গেয়েছেন ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, মনোময় ভট্টাচার্যের মতো প্রখ্যাত শিল্পীরা।
মহাষ্টমীর শুভক্ষণে তাই বাংলার জয়গান যেন আরও উচ্চকিত হয়ে উঠল মুখ্যমন্ত্রীর নতুন সৃষ্টিতে।












Click it and Unblock the Notifications