প্রবেশিকা জটে যাদবপুর! রাতভর ঘেরাওয়ে কাজ বন্ধ করলেন উপাচার্য
যাদবপুরে প্রবেশিকা জটে রাতভর ঘেরাও উপাচার্য। ঘেরাওয়ের জেরে মঙ্গলবার কাজ বন্ধ করে দেন উপাচার্য। ছাত্রছাত্রীরা ঘেরাও করে রাখে বিশ্ববিদ্যালয়ের অন্য আধিকারিকদেরও।
যাদবপুরে প্রবেশিকা জটে রাতভর ঘেরাও উপাচার্য। ঘেরাওয়ের জেরে মঙ্গলবার কাজ বন্ধ করে দেন উপাচার্য। ছাত্রছাত্রীরা ঘেরাও করে রাখে বিশ্ববিদ্যালয়ের অন্য আধিকারিকদেরও। প্রবেশিকা বন্ধের সিদ্ধান্তের পিছনে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ দেখছেন পড়ুয়াদের একাংশ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষামন্ত্রী।

অনিশ্চয়তায় রাজ্যের পাঁচতারা বিশ্ববিদ্যালয় যাদবপুরের ভর্তি পর্ব। কেননা দিনক্ষণ ঘোষণার পরেও কলা বিভাগের স্নাতকস্তের প্রবেশিকা পরীক্ষা বন্ধের কথা ঘোষণা করা হয়েছে। আর সেই থেকেই তৈরি হয়েছে জটিলতা।
কলা বিভাগের স্নাতকস্তরে প্রবেশিকা পরীক্ষা হওয়ার কথা ছিল ৩ থেকে ৬ জুলাইয়ের মধ্যে। সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দেয় নির্ধারিত দিনে হচ্ছে না প্রবেশিকা পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, যাতে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী আবেদন করতে পারে তার জন্য আবেদন করার দিন ২ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এর জন্য ৩ থেকে ৬ জুলাইয়ের প্রবেশিকা পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে। পরবর্তীতে প্রবেশিকা পরীক্ষার দিন ফের ঘোষণা করা হবে বলেও জানানো হয়।
ভর্তির পরীক্ষা নেওয়া উচিৎ কিনা তা নিয়ে সোমবার যাদবপুরে কর্মসমিতির বৈঠকে আলোচনাও হয়। তবে এবিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। এবিষয়ে আইনি পরামর্শ নেওয়া হবে বলেও ঠিক হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, কর্মসমিতির বৈঠকে প্রশ্ন ওঠে অনুমোদন ছাড়া কেন এই প্রবেশিকা পরীক্ষা।
তবে ৩ জুলাই থেকে যেখানে প্রবেশিকা পরীক্ষা হওয়ার কথা সেখানে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই। জুটার সম্পাদক নীলাঞ্জনা গুপ্ত বলছেন, কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলছেন।
কর্তৃপক্ষের সিদ্ধান্তের পিছনে সরকারের হাত থাকার অভিযোগ করে আন্দোলনে সামিল হয়েছে ছাত্রছাত্রীরা। যেভাবে ভর্তির নির্দেশিকা বেরিয়েছিল, সেইভাবেই কাজ করার দাবি করেছে যাদবপুরের কলা বিভাগের ছাত্র সংসদ।
তবে আন্দোলনরত ছাত্রছাত্রীদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন, প্রবেশিকা পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়। তবে কোনও ভাবেই মেধার সঙ্গে আপোশ করা যাবে না বলে বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী।












Click it and Unblock the Notifications