দু'দিন আগে হস্টেলে! যাদবপুরে প্রথম বর্ষের ছাত্রের রহস্য মৃত্যু
যাদবপুরে প্রথম বর্ষের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। হস্টেলের ছাদ থেকে পড়ে ওই ছাত্রের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি বুধবার গভীর রাতের। মৃত ছাত্রের নাম স্বপ্নদীপ কুণ্ডু। তাঁর বাড়ি নদিয়ার বগুলায় বলে জানা গিয়েছে। এদিন দুপুরে বিষয়টি নিয়ে যাদবপুরের ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে বৈঠক করবে বলে জানা গিয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে বাংলা অনার্সে ভর্তি হন বছর ১৮-র পড়ুয়া। কিন্তু বুধবার প্রথম বর্ষের প্রথম দিনের ক্লাসে স্বপ্নদীপ অনুপস্থিত ছিল বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। গভীর রাতে হস্টেলে থাকা ছাত্রছাত্রীরা নিচে ভারী কিছু পড়ার আওয়াজ পান। তিনতলার বারান্দা থেকে পড়ে তাঁর মৃত্যু বলে জানা গিয়েছে।

ছাত্রছাত্রীরা কাছে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন স্বপ্নদীপ। সঙ্গে সঙ্গে তাঁকে কেপিসি মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। এদিন সকালে ওই পড়ুয়ার মৃত্যু হয়। কীভাবে এই মৃত্যু তা খতিয়ে দেখছে যাদবপুর থানার পুলিশ। মানসিক অবসাদে ঝাঁপ নাকি কেউ তাঁকে ঠেলে ফেলেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
বুধবার গভীর রাতের ঘটনার আগে স্বপ্নদীপ তাঁর মায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে। ঠিক কী কথা তাঁদের মধ্যে হয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। হস্টেলে তাঁকে কি কোনও চাপ দেওয়া হয়েছিল তাও খতিয়ে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মাত্র দুদিন আগে বাড়ি থেকে হস্টেলে এসেছিলেন স্বপ্নদীপ। তারপর প্রথম দিনের ক্লাসে অনুপস্থিত থেকে রাতে অস্বাভাবিক মৃত্যু। কীভাবে এই ঘটনা তা নিয়ে সহপাঠী এবং পরিবারে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশের তরফে সব বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।












Click it and Unblock the Notifications