রং বদলাচ্ছে রাজ্য পুলিশ! ২০১৯-এর আগে মমতার নতুন উদ্যোগ
রাজ্য পুলিশের কর্মীদের উর্দির রং বদলের প্রক্রিয়া শুরু। কলকাতা পুলিশের মতো রাজ্য পুলিশের কর্মীদের উর্দির রং হতে যাচ্ছে সাদা। নবান্ন সূত্রে খবর, প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
রাজ্য পুলিশের কর্মীদের উর্দির রং বদলের প্রক্রিয়া শুরু। কলকাতা পুলিশের মতো রাজ্য পুলিশের কর্মীদের উর্দির রং হতে যাচ্ছে সাদা। নবান্ন সূত্রে খবর, প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। তবে ইনস্পেক্টরের ওপর থেকে আইপিএস পর্যন্ত পদমর্যাদার আধিকারিকদের উর্দির রং খাকিই থাকবে বলে জানানো হয়েছে।

এবার রাজ্য পুলিশের উর্দির রঙও হতে যাচ্ছে সাদা রঙের। সবকটি কমিশনারেট-সহ রাজ্য জুড়েই পুলিশ কর্মীদের উর্দির রং পরিবর্তন করা হবে। নির্দেশিকার জেরে কনস্টেবল থেকে ইনস্পেক্টর পর্যন্ত পুলিশকর্মীদের গায়ে উঠতে চলেছে সাদা রঙের উর্দি।
রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরপরই রাজ্য পুলিশের কর্মীদের উর্দির রং নীল-সাদা করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। জামা হওয়ার কথা ছিল সাদা রঙের আর প্যান্টের রং গাড় নীল। প্রস্তাব পাঠানো হয়েছিল পুলিশের তরফ থেকেই। পুলিসের তরফে জানা গিয়েছিল, মুখ্যমন্ত্রী নীল-সাদা রং পছন্দ করেন। সেই জন্যই এই সিদ্ধান্ত। যদিও পরবর্তী ছয়বছরে আর সেই সিদ্ধান্ত কার্যকর করা হয়নি।
ব্রিটিশ আমল থেকেই কলকাতার পুলিশ কর্মীদের উর্দির রং ছিল সাদা। সরকারি নথি থেকে জানা যায়, ব্রিটিশ আমলে সারা দেশেই পুলিশের উর্দির রং ছিল সাদা। গ্রামে গঞ্জে হেঁটে যেতে অসুবিধায় পড়তে হত পুলিশকর্মীদের। ধুলো মেখে যেত সাদা উর্দিতে। সেই সমস্যার সমাধানে ১৮৪৭ সালে পুলিশের উর্দির রঙ খাকি করে দেন ব্রিটিশ পুলিশের তৎকালীন সর্বোচ্চ কর্তা হ্যারি বার্নেট লুমসডেন। সেই রেওয়াজ স্বাধীনতার পরবর্তী সময়েও চলছে বছরের পর বছর ধরে।
তবে ব্যতিক্রম ছিল কলকাতা। পুলিশের উর্দির রঙ ব্রিটিশের সময়ের মতোই পরবর্তী সময়েও একই রয়ে যায়। এর পিছনে কারণ হিসেবে ব্রিটিশ ভারতের রাজধানী থাকার কথাও কেউ উল্লেখ করেছেন।
এর আগে হিমাচল প্রদেশ সরকারের তরফে কিছু দিনের জন্য পুলিশের প্যান্টের রং গাঢ় নীল এবং জামার রং হাল্কা নীল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ১৩ মাস পরে তারা আগের অবস্থাতেই ফিরে যায়।












Click it and Unblock the Notifications