রাস্তায় পাশে দাঁড়িয়ে রক্তমাখা অ্যাপ ক্যাব, ঝোপের মধ্যে উঁকি দিতেই বীভৎসকাণ্ড
বর্ষবরণের দিনই খাস কলকাতার বুকে জোড়া খুনের ঘটনা ঘটল। সায়েন্স সিটির মতো গুরুত্বপূর্ণ জায়গায় উদ্ধার হল যুবকের দেহ। আর ট্যাংরায় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন করা হল এক যুবককে।
বর্ষবরণের দিনই খাস কলকাতার বুকে জোড়া খুনের ঘটনা ঘটল। সায়েন্স সিটির মতো গুরুত্বপূর্ণ জায়গায় উদ্ধার হল যুবকের দেহ। আর ট্যাংরায় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন করা হল এক যুবককে। এই দুই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

সায়েন্স সিটির কাছে প্রগতি ময়দানের আরুপোতায় ঝোপের মধ্যে থেকে উদ্ধার হয় একটি গাড়ি। সেই গাড়িতে লেগেছিল রক্তের দাগ। ধস্তাধস্তির চিহ্ন ছিল গাড়িতে। মাথায় কোনও ভারী বস্ত দিয়ে আঘাত করে তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
পুলিশ জানিয়েছে, মৃতদেহের কাছেই দাঁড়িয়েছিল একটি পরিত্যক্ত অ্যাপ ক্যাব। সেই ক্যাবে করেই যুবক ওইখানে পৌঁছেছিলেন কি না, কিংবা ওই অ্যাপ ক্যাবেই যুবককে খুন করা হয়েছিল কি না খতিয়ে দেখা হচ্ছে। গাড়ির নম্বরের সূত্র ধরেই এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তদন্ত। ফুলবাগান এলাকার একটি ঠিকানার খোঁজও পেয়েছেন তদন্তাকারীরা।
এরপর লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা ঘটনাস্থলে গিয়েছেন। ফরেনসিকের একটি দলও গাড়ির নমুনা সংগ্রহ করে। পুলিশ কুকুর নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। প্রাথমিক তদন্তে অনুমান, ক্যাবের মধ্যেই চালককে খুন করা হয়। তারপর ফেলে যাওয়া হয় ওই ঝোপে। ব্যক্তিগত শত্রুতার জেরেই এই খুন বলে অনুমান পুলিশের।
এদিকে ট্যাংরায় যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করা হয়। সাত-আটজন যুবক তাঁকে বাড়়ি থেকে ডেকে রাস্তায় ফেলে কুপিয়ে খুন করে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম তারক মণ্ডল।












Click it and Unblock the Notifications