Dumdum: মদের টাকা না দেওয়ায় দমদমে রিভলবার-হকি স্টিক দিয়ে ‘মার’, প্রাক্তন কাউন্সিলরের অনুগামীদের রোষে ২ যুবক!
Dumdum: ৫০ লক্ষ টাকা তোলা না পেয়ে প্রোমোটারকে রক্তাক্ত করেছিল বিধাননগরের তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) অনুগামীরা। বাগুইহাটির সেই ঘটনার কয়েকদিন না পেরোতেই এবার দমদম। তোলার টাকা না দেওয়ায় অফিস ফেরত যুবকদের উপর হামলার (Attack) অভিযোগ। বেধড়ক মারধরের জেরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি দুই যুবক। কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলরের (Ex Councilor) অনুগামীরা।
শনিবার মধ্যরাতের ঘটনা। দমদমের মধুগড়ে অফিস থেকে ফিরছিলেন বেশ কয়েকজন যুবক। অভিযোগ, মদ খাওয়ার জন্য ওই যুবকদের থেকে টাকা দাবি করে এলাকার গুটিকয়েক যুবক। অভিযুক্তরা দক্ষিণ দমদম পুরসভার (South Dumdum Municipality) ১৩নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা স্থানীয় তৃণমূল নেতা প্রবীর পালের অনুগামী হিসেবে পরিচিত বলে দাবি।

টাকা দিতে অস্বীকার করায় অফিস ফেরত যুবকদের উপর তারা হামলা চালায় বলে অভিযোগ। আক্রান্ত হন শ্রীতম চ্যাটার্জি ও সানি সিং নামে দুই যুবক। আগ্নেয়াস্ত্র, রড, হকি স্টিক দিয়ে হামলা চালানো হয় বলে দাবি। রিভলবারের বাট দিয়ে মেরে সানি সিংয়ের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। দুজনের মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে।
আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাদের দমদম পৌর হাসপাতালে ও পরবর্তী সময় নাগেরবাজার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। গোটা ঘটনায় শ্রীতম চ্যাটার্জির বাবা নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের করেন। বর্তমানে চোখে গুরুতর আঘাত নিয়ে নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সেয়ানা বাপ্পা, গোপাল ঘোষ, উত্তম ঘোষ, রবি সর্দার-সহ বেশ কয়েকজনের নাম উঠে এসেছে অভিযুক্তদের মধ্যে।
এই ঘটনা নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য কমানোর আর্জি জানান ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তন্দ্রা সরকার। তিনি বলেন, "ওই অঞ্চলে একদল দুষ্কৃতী এই ধরনের সমাজবিরোধী কার্যকলাপ চালাচ্ছেন। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে অনুরোধ করব।" প্রাক্তন কাউন্সিলরের মদতেই এসব ঘটছে বলে আক্রান্ত শ্রীতম চ্যাটার্জির বাবার অভিযোগ মেনে নেন বর্তমান কাউন্সিলর।












Click it and Unblock the Notifications