রাম মন্দির উদ্বোধনের দিনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উত্তেজনা, ঝামেলা, বাধা পেল এবিভিপি
অশান্তি ঠেকানো গেল না কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা ঘিরে উচ্ছ্বাস প্রায় গোটা দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার প্রাণপ্রতিষ্ঠা করছেন। সেই সময় যাদবপুর বিশ্ববিদ্যালয় অশান্তির ছায়া।
রামলালার প্রাণপ্রতিষ্ঠা দেখানোর জন্য উদ্যোগী হয়েছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে এবিভিপির লোকজন লাইভ স্ট্রিমিংয়ের জন্য পৌঁছে গিয়েছিলেন। তখনই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মনিটর, প্রোজেক্টর নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকেছিলেন এবিভিপির লোকজন। অতি বাম ছাত্র সংগঠনের তরফ থেকে তাদের বাধা দেওয়া হয়। এমনই অভিযোগ সামনে এসেছে। কথা কাটাকাটির পরেই শুরু হয়ে যায় হাতাহাতি। উত্তেজনা ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের মধ্যে। কোনওভাবেই রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় দেখানো যাবে না। এই দাবি তোলা হয়।
স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। দুই পক্ষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। অধ্যাপকরাও ঘটনাস্থলে চলে আসেন। বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটের কাছেই এই গন্ডগোল হয় বলে খবর। ওই গেট প্রথমে বন্ধ করে দেওয়া হয়। তারপর অন্যান্য গেটগুলিও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় বলে খবর পাওয়া যায়।
অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনও কর্মসূচি নেওয়া যাবে না। এই কথা বিজ্ঞপ্তি আকারে রবিবার বিশ্ববিদ্যালয় জানিয়ে দেওয়া হয়। সোমবার একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে বিশ্ববিদ্যালয়ে। সে কারণেই কোনওরকম কর্মসূচি চলার বিরুদ্ধে ছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই দিন সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের দিকেও জোর দেওয়া হচ্ছিল।
কিন্তু দেখা গেল পরিস্থিতি আয়ত্তের মধ্যে থাকল না। বিশ্ববিদ্যালয়ের ভেতরেই দুই পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ, হাতাহাতি হয়ে গেল। অতি বাম ও বামপন্থীরা যাদবপুর বিশ্ববিদ্যালয় তাদের উপর এই হামলা চালিয়েছে। এমনই দাবি করছেন এবিভিপি'র সদস্যরা। এই খবর লেখার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের ভিতরে চাপা উত্তেজনার আঁচ করা যায়। বিভিন্ন জায়গাতেই গুঞ্জন চলেছে।












Click it and Unblock the Notifications