মোদীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়তে পরিকল্পনা মমতার, একুশের আগে জোর টক্কর দুই যুযুধানের
অমিত শাহের মঞ্চে পাল্টা সভা করে পুরুলিয়াবাসীকে বার্তা দিয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার মেদিনীপুরে নরেন্দ্র মোদীর মঞ্চেও তৃণমূল কংগ্রেস পাল্টা সভা করবে।
অমিত শাহের মঞ্চে পাল্টা সভা করে পুরুলিয়াবাসীকে বার্তা দিয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার মেদিনীপুরে নরেন্দ্র মোদীর মঞ্চেও তৃণমূল কংগ্রেস পাল্টা সভা করবে। আবারও বুঝিয়ে দেবে, এই বাংলা বিজেপির নয়। এই বাংলা তৃণমূল কংগ্রেসের। ১৬ জুলাই মোদীর সভার পর ২১ জুলাই-এর আগে-পরে তৃণমূল পাল্টা সভা করতে পারে।

কেন্দ্রীয় কৃষিমন্ত্রকের অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিম মেদিনীপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেদিনীপুর শহরে একটি সভাও করার কথা তাঁর। ১৬ জুলাই তাঁর সভার পরই পাল্টা সভা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও, এই সভায় তৃণমূলের শীর্ষনেতৃত্ব উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
২১ জুলাই তৃণমূল কংগ্রেসের জনসভা রয়েছ ধর্মতলায়। তাঁর প্রস্তুতি চলছে। এরই মধ্যে মোদীর বাংলা সফরে আসার বিষয়টি চূড়ান্ত হয়ে গিয়েছে। তাই তার পাল্টা হিসেবে ২১ জুলাইয়ের আগে বা পরে পাল্টা সভা হতে পারে। এছাড়া তৃণমূল সিদ্ধান্ত নিয়েছে, ৯ আগস্ট দিনটি ভারত ছাড়ো আন্দোলন দিবস হিসেবে পালন করা হবে। সেই সভাও হয় মেদিনীপুরে। ২১ জুলাই ও ৯ ডিসেম্বরের মধ্যে পরপর দুটি বড় সভার মাঝে নতুন এই সভার দিনক্ষণ নিয়ে তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনও।
এছাড়া মোদীর সভার দিনটিকে প্রতিবাদ দিবস হিসেবেও পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূল কংগ্রেস কিষান ক্ষেতমজদুর কমিটি ওইদিন কালো ব্যাজ পরে প্রত্যের ব্লকে ব্লকে প্রতিবাদ সভা করবে। কমিটির আহ্বায়ক বেচারাম মান্না জানিয়েছে এই প্রতিবাদ দিবস পালনের কথা।
উল্লেখ্য, অমিত শাহের সভার পরই পাল্টা সভা করেছিল তৃণমূল। তৃণমূল নেতৃত্ব স্পষ্টতই জানিয়ে দেয়, মানুষ যাতে বিভ্রান্ত না হন, সে জন্যই পাল্টা সভা করার ভাবনা তাদের। বিজেপি সভায় উসকানিমূলক যে সমস্ত বার্তা ছড়াবে, সেই সমস্ত কুৎসা-অপপ্রচারের জবাব দেওয়াই তৃণমূলের সভার লক্ষ্য।












Click it and Unblock the Notifications