পিছিয়ে গেল পঞ্চায়েত ভোট, হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে বিরোধীদের তোপ তৃণমূলের
হাইকোর্টের রায়কে স্বাগত জানাল তৃণমূল কংগ্রেস। স্বাগত জানাল রাজ্য সরকারও। রাজ্য রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যাচ্ছে না।
শেষপর্যন্ত পিছিয়েই গেল পঞ্চায়েত ভোট। দীর্ঘ টালবাহানার পর হাইকোর্টে শুক্রবার রায় দিল, পঞ্চায়েত ভোট হবে নতুন করে বিজ্ঞপ্তি জারি করে। আর একদিন মনোনয়নের দিন ধার্য করতে হবে। হাইকোর্টের এই রায়কে স্বাগত জানাল তৃণমূল কংগ্রেস। স্বাগত জানাল রাজ্য সরকারও। এদিন একইসঙ্গে পরিষ্কার করে দেওয়া হয়, ডিভিশন বেঞ্চে যাচ্ছে না রাজ্য।

এদিন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি সুব্রত তালুকদারের রায়দানের পরই তৃণমূলের আইনজাবী-সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন, এই রায় বিরোধীদের মুখে ঝামা ঘসে দিয়েছে। নৈতিক জয় হয়েছে আমাদের। কারণ বিরোধীদের যাবতীয় আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি।
এরপর তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, হাইকোর্টের রায়কে স্বাগত। জগাই-মাধাই আর বিলাই জোট করেও বন্ধ করতে পারল না পঞ্চায়েত নির্বাচন। শেষ পর্যন্ত ভোট হচ্ছে। তবে পিছিয়ে গেল নির্বাচন। সামনেই রমজান মাস, তার আগে শেষ করতে হবে ভোট। তার উপর অত্যধিক গরম। সেটাও মাথায় রাখতে হবে সবাইকে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নবান্নে বলেন, অযথা পঞ্চায়েত ভোটে বিলম্ব হল। আর স্পষ্ট করে বললে মমলার নামে ভোট প্রক্রিয়ায় বিলম্ব ঘটানো হল। অত্যধিক গরমে কর্মীদের অবস্থাও বুঝতে হবে। তারপর সামনেই রমজান মাস। হাইকোর্ট যে রায় দিয়েছে তাকে আমরা স্বাগত জানাচ্ছি। এখন আর দেরি করা ঠিক হবে না। তৎপরতার সঙ্গে নির্বাচন পক্রিয়া সম্পন্ন করতে হবে।












Click it and Unblock the Notifications